সরাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রা‏‏হ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউরা গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল হামিদ ও নান্নু মিয়ার পক্ষের লোকজনের মধ্যে আজ শনিবার সকালে এ সংঘর্ষ হয়। পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, গত এক বছর ধরেই বাড়িউরা গ্রামের ৩২ শতাংশ আয়তনের একটি ফসলি জমির মালিকানা নিয়ে হামিদ ও নান্নু মিয়ার মধ্যে বিরোধ চলছিল। আজ সকাল সাতটার দিকে হামিদের লোকজন ওই জমিতে কাজ করতে গেলে নান্নু মিয়ার পক্ষের লোকজন তাদের ধাওয়া করে। কিছুক্ষণ পর উভয় পক্ষের লোকজন দা, বল্লম, ইটপাটকেল ও লাটিসোঁঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়।আহতদের মধ্যে দুজনকে জেলা সদর ও তিনজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।