সরাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০, যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আজ শুক্রবার সকালে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫০ জন আহত হয়েছেন। এর জের ধরে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে সরাইল বিশ্বরোড মোড় থেকে আশপাশের মহাসড়কে ছয় কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল পৌনে ১০টার দিকে সরাইল বিশ্বরোড মোড় এলাকায় উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া ও সদর উপজেলার উধল ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিশ্বরোড মোড়-সংলগ্ন একটি বেসরকারি ক্লিনিকের চিকিত্সকের সঙ্গে রোগীর স্বজনদের বাক-বিতণ্ডার জের ধরে এ সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে।এ সংঘর্ষ ছড়িয়ে পড়ায় ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মহাসড়কগুলোতে কয়েক শ যান আটকা পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত হাইওয়ে পুলিশ ও সরাইল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, যান চলাচল স্বাভাবিক করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।