সরাইলে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রা‏‏হ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। বোরো জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে আজ বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের পাঠানপাড়া ও নিজসরাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের তিনজনকে ব্রা‏‏হ্মণবাড়িয়া সদর হাসপাতালে ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও গ্রামবাসী জানায়, উপজেলার সদর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের আবুল হাশেম (২০) ও নিজসরাইল গ্রামের আবদুল হকের (৫৫) মধ্যে আজ সকাল ১০টার দিকে বোরো জমিতে পানি দেওয়া নিয়ে তর্কাতর্কি হয়। একপর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র, ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এতে উভয়পক্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।