সরাইলে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ, আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনার জের ধরে আজ শুক্রবার দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে পুলিশের দুই সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বেলা ১১টার দিকে উপজেলা সদরের উচালিয়াপাড়া ও নিজসরাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে নিজসরাইল গ্রামের এক স্কুলছাত্রী তার দুই বান্ধবীকে নিয়ে পাশের উচালিয়াপাড়া গ্রামে আরেক বান্ধবীর বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যায় ফেরার পথে উচালিয়াপাড়া গ্রামের জীবন মিয়া (২০) নামের এক যুবক তাঁর সাত-আটজন সঙ্গী নিয়ে ওই তিনজনকে উত্ত্যক্ত করতে থাকেন। একপর্যায়ে তাঁরা নিজসরাইল গ্রামে ওই স্কুলছাত্রীদের বাড়ির কাছে চলে আসেন। এ সময় তাদের একজনের বড় ভাই জীবনকে চড় মারলে যুবকেরা চলে যান। সন্ধ্যা সাতটার দিকে জীবন মিয়া তাঁর ১৫-২০ জন সঙ্গীসহ নিজসরাইল গ্রামে গিয়ে আট-দশটি বাড়ি ও একটি মুরগির খামার ভাঙচুর করেন। এ সময় নিজসরাইল গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি শান্ত হয়ে যায়। ওই ঘটনার জের ধরে আজ সকালে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উচালিয়াপাড়া গ্রামে একটি পাটের গুদামে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বেলা দেড়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী প্রথম আলো ডটকমকে জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত।