সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। পূর্ববিরোধের জের ধরে আজ রোববার সকালে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকার গ্রামের বাসিন্দা এলাজ উদ্দিন (৬৫) ও লালু মিয়ার (৬০) পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ বাধে। আহত ব্যক্তিদের জেলা সদর হাসপাতালে ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে।পুলিশ ও গ্রামে েলোকজন জানান, গ্রামের এলাজ উদ্দিন ও লালু মিয়ার মধ্যে অনেক দিন ধরেই বিরোধ চলে আসছিল। তাঁদের মধ্যে মামলাও রয়েছে। আজ সকালে লালু মিয়া তাঁর পাঁচ ছেলেকে নিয়ে বাজারে যাওয়ার পথে বারপাইকার কবরস্থানের কাছে আগে থেকে ওতপেতে থাকা এলাজ উদ্দিনের নেতৃত্বে ২০-২৫ লোক দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে লালু মিয়া ও তাঁর পাঁচ ছেলে গুরুতর আহত হন। এর জের ধরে কিছুক্ষণ পর উভয় পক্ষের লোকজন দা, বল্লম, ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত চলে সংঘর্ষ। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াসউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো অনলাইনকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে কোনো পক্ষই মামলা করেনি।