সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সুদের টাকা আদায়কে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।আহতদের মধ্যে ১৩ জনকে জেলা সদর হাসপাতালে এবং ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নোয়াগাঁও গ্রামের আসমত গোষ্ঠীর মালি মিয়ার কাছ থেকে ছয় মাস আগে সুদের ওপর ১০ হাজার টাকা ধার নেয় একই গ্রামের ফিরো মিয়া গোষ্ঠীর বাবুল মিয়া। এরই মধ্যে বাবুল মিয়া সুদে-আসলে ১৫ হাজার ৫০০ টাকা পরিশোধ করলেও বাকি ৫০০ টাকা পরিশোধে অপরাগতা প্রকাশ করেন। এ নিয়ে চার-পাঁচ দিন আগে মালি মিয়া ও বাবুল মিয়ার মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে আজ শনিবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত উভয় পক্ষের দাঙ্গাবাজ লোকজন লাঠিসোঁটা, দা, বল্লম ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তিন ঘণ্টা স্থায়ী এ সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারগ্যাসের পাঁচ রাউন্ড শেল নিক্ষেপ ও ব্যাপক লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।