সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ২৫ জন আহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আজ শনিবার সকালে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নারী পুরুষসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। পতিত জমি থেকে মাটিকাটার জের ধরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মোরাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মোরাহাটি গ্রামের পতিত জমি থেকে মাটিকাটা নিয়ে ইউপি সদস্য মো. আজিজ মিয়া এবং একই গ্রামের চুন্নু মিয়ার মধ্যে আজ সকালে কথাকাটাকাটি ও মৃদু হাতাহাতির ঘটনা ঘটে। কিছুক্ষণ পর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টা স্থায়ী সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ২৫ জন আহত হয়।আহত ব্যক্তিদের সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত পাঁচটি বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।