সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আ.লীগ নেতার ভাই নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল রোববার দুই পক্ষের সংঘর্ষে সোহরাবউল্লাহ ঠাকুর (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সায়েফউল্লাহ ঠাকুরের ছোট ভাই। এ ঘটনায় পুলিশ আকতার মিয়া (৪০) ও সাজিদ উদ্দিন (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, শাহজাদাপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সায়েফউল্লাহ ঠাকুরের সঙ্গে বর্তমান ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরোধ চলছিল। গত শনিবার বিকেলে পূর্ববিরোধের জের ধরে দেওড়া বাজারে সায়েফের ছোট ভাই সোহরাবের সঙ্গে রফিকুল ইসলামের খালাতো ভাই রুহুল আমিনের (৬০) বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। রোববার বিকেলে দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সোহরাবউল্লাহ ঠাকুরসহ ১১ জন আহত হয়। গুরুতর আহত সোহরাবউল্লাহ ঠাকুরকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে সাতটায় তিনি মারা যান।সরাইল থানার পুলিশ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো অনলাইনকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আজ সকালে জেলা সদর হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।