সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ঘাগড়াজুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। আজ সোমবার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত চলে এ সংঘর্ষ। এ সময় ১৮টি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।লুটপাট করার সময় আল ইসলাম (২৬) ও বাহার আলী (৪৫) নামের দুজনকে গ্রেপ্তার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাফায়েত মুহম্মদ শাহে-দুল ইসলাম।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, আজ সকাল নয়টার দিকে ঘাগড়াজুর গ্রামের একটি মসজিদে ধন মিয়ার পক্ষের মনির হোসেন নামাজ পড়তে গেলে আবদুর রশীদের পক্ষের লোকজনের সঙ্গে তাঁর বাগবিতণ্ডা হয়। এর জের ধরে ধন মিয়ার পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবদুর রশীদের পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। কিছুক্ষণের মধ্যে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। এর মধ্যে গুরুতর আহত শরিফ মিয়াকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ১৭ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের অধিকাংশ শিশু ও নারী।আবদুর রশিদ এ ঘটনার জন্য ধন মিয়ার পক্ষের লোকজনকে দায়ী করে বলেন, ‘সামান্য বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন আমার পক্ষের লোকজনের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়, হামলা চালায়। তারা আটটি গরুসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।’ধন মিয়া বলেন, সংঘর্ষ চলাকালে তাঁর পক্ষের লোকজনের কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াসউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো অনলাইনকে বলেন, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে। গ্রেপ্তার হওয়া দুজনকে জেলহাজতে পাঠানো হচ্ছে।