সরাইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়া গ্রামে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে রিপন মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে নয়টা থেকে দুই ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। এতে আহত হন অর্ধশতাধিক ব্যক্তি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার দুপুরে ভৈরবে একটি যাত্রীবাহী মাইক্রোবাসকে সিলেটগামী একটি বাস ধাক্কা দেয়। মাইক্রোবাসের চালক রায়হান ঠাকুর ও সিলেট পরিবহনের লাইনম্যান সাচ্চু মিয়ার মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ দুজনই কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা। এর জের ধরে গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে আজ সংঘর্ষে লিপ্ত হয়। বর্শার আঘাতে গুরুতর আহত রিপনকে জেলা সদর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াসউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।