সরাইলে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক আহত
পূর্ববিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে শিশু, নারীসহ উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়েছে। এ ঘটনায় বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলেও জানা গেছে।আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে দেওড়া গ্রামের ধন মিয়া গোষ্ঠীর আকতার মিয়াকে (১৮) কালা মিয়া গোষ্ঠীর লোকজন আজ সকালে মারধর করে। এ ঘটনার কিছুক্ষণ পর ধন মিয়ার লোকজন কালা মিয়া পক্ষের আজিজুর রহমানকে (৫০) পিটিয়ে আহত করে। খবর পেয়ে কালা মিয়ার লোকজন পার্শ্ববর্তী শাহবাজপুর ইউনিয়নের নিছনপুর মোড়া ও ধিতপুর গ্রামবাসীর সহায়তায় ধন মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ধন মিয়া পক্ষের পাঁচটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দাঙ্গা পুলিশ ও সরাইল থানা পুলিশ উভয় পক্ষকে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় নারী, শিশুসহ উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়েছে। আহত লোকজনকে জেলা সদর হাসপাতালে এবং স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।