সরাইলে দুজন নিহত, চার জেলায় আহত ৯০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে গতকাল রোববার প্রতিপক্ষের হামলায় আনিছ উদ্দিন ঠাকুর (৪৫) ও লিল মিয়া (২৮) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। এ ছাড়া হবিগঞ্জের বানিয়াচং, কুমিল্লার লাকসাম ও লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় আহত হয়েছে আরও আন্তত ৮০ জন। এসব ঘটনায় ২৫ জনকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): সদর ইউপিতে গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে পরাজিত হন চেয়ারম্যান পদপ্রার্থী মনিরউদ্দিন আহমেদ। গতকাল সকালে মনিরউদ্দিন তাঁকে ভোট না দেওয়ার অভিযোগ তুলে দলবল নিয়ে প্রতিবেশী ও উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরের বাড়িতে বল্লম, দা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এ সময় অপর পরাজিত প্রার্থী সাদেক মিয়ার লোকজনও হামলায় অংশ নেয়। এতে রফিক ঠাকুরের ছোট ভাই আনিছ উদ্দিন ঠাকুরসহ অন্তত ১১ জন গুরুতর আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনিছ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের সময় লিল মিয়া নামের একজন পথচারী রফিক ঠাকুরের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। প্রতিপক্ষের লোক মনে করে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে ঠাকুরবাড়ির লোকজন। গুরুতর অবস্থায় তাঁকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর তিনি মারা যান। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান জানান, এসব ঘটনায় জড়িত সন্দেহে সিকান্দর আলী, আলাউদ্দিন ও শফিক মিয়া নামের তিনজনকে আটক করা হয়েছে।হাজীগঞ্জ (চাঁদপুর): উপজেলার ১০ নম্বর গন্ধব্যপুর দক্ষিণ ইউপিতে নির্বাচন চলাকালে চেয়ারম্যান পদপ্রার্থী দুলাল হোসেনের লোকজন গতকাল সকাল সোয়া আটটার দিকে পাঁচৈ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে সিল মারতে শুরু করে। খবর পেয়ে চাঁদপুরের পুলিশ সুপার শহীদউল্লা চৌধুরী ও জেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আযাদ র্যাব ও দাঙ্গা পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে আবদুর রহিম (২৮) ও জহিরুল ইসলাম (৫০) নামের দুজনকে আটক করা হয়েছে। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হরিস চন্দ্র সাহা জানান, এ ঘটনায় ওই কেন্দ্রের ভোট গ্রহণ প্রায় দুই ঘণ্টা স্থগিত থাকে। ব্যালট বই থেকে ছিনিয়ে নিয়ে বাক্সে জমা দেওয়া ৯৪টি ভোট বাতিল করা হয়েছে বলে তিনি জানান। হবিগঞ্জ: গত ৭ জুন বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউপির সদস্য পদে আমানত উল্লাহ ও শাহ এম এ ওয়াহেদ পরাজিত হন। এ পরাজয়ের জন্য তাঁরা পরস্পরকে দায়ী করেন। এই নিয়ে আমানত উল্লাহর লোকজন গতকাল সকালে ওয়াহেদ পক্ষের এক সমর্থককে মারধর করলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। লাঠিসোঁটা ও বল্লম নিয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে সহকারী পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা জানান। কুমিল্লা: লাকসামের কান্দিরপাড় ইউপি নির্বাচনের সিংজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ফল গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘোষণা করা হয়। এতে ৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী গোলাম মোস্তফা পান ৫০৬ ভোট ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী মাকসুদুর রহমান পান ৩২০ ভোট। এ খবর শুনে ভোটকেন্দ্রেই মাকসুদুর রহমান তাঁর দলবল নিয়ে নবনির্বাচিত সদস্য গোলাম মোস্তফা ও তাঁর লোকজনের ওপর হামলা চালান। এতে গোলাম মোস্তফাসহ অন্তত ১০ জন আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লালমনিরহাট: কালীগঞ্জের গোড়ল ইউনিয়নে শনিবার অনুষ্ঠিত নির্বাচনের টেপাটারী বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ফল রাত সাড়ে আটটার দিকে ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা গনি আমিন। এতে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল ইসলাম এগিয়ে ছিলেন। এ খবর জানাজানির পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী গজর উদ্দিনের লোকজন ওই ভোটকেন্দ্রে গিয়ে সশস্ত্র হামলা চালায়। এ সময় হামলাকারীরা দুটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রিসাইডিং কর্মকর্তা গুলি করার নির্দেশ দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ১৭টি গুলি ও ২২টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সংঘর্ষে পাঁচজন পুলিশ ও ১৮ জন আনসার সদস্যসহ অনেকে আহত হয়েছেন। কালীগঞ্জ থানার ওসি প্রজিৎকুমার রায় জানান, গোড়ল, ভোটমারী ও তুষভান্ডার ইউনিয়নে এসব সহিংস ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।