সরাইলে দুপক্ষের সংঘর্ষে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুআইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে দুপক্ষের সংঘর্ষে শোয়াব মিয়া (৩০) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ রোববার সন্ধ্যার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুরোনো বিরোধের ঘটনাকে কেন্দ্র করে গ্রামের গাজী ও বারী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে শোয়াব মিয়া ঘটনাস্থলেই মারা যান। তিনি গাজীর গোষ্ঠীর বলে জানা গেছে।দুই আনা ওজনের স্বর্ণালংকার হারানোর ঘটনাকে কেন্দ্র করে ধামাউড়া গ্রামের গাজী গোষ্ঠী ও বারীর গোষ্ঠীর মধ্যে এক বছর ধরে বিরোধ চলছিল। এই দুই গোষ্ঠীর মধ্যে এ পর্যন্ত ১০-১২ বার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গোষ্ঠীর অর্ধশতাধিক ঘরবাড়িতে লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। এ ছাড়া মামলা হয়েছে ডজন খানেক। হাওরবেষ্টিত গ্রামটি উপজেলা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে হওয়ায় পুলিশ যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারে না। তাই প্রায়ই সংঘষ ঘটে বলে স্থানীয় লোকজন জানান।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী প্রথম আলো ডটকমকে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও লাশ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে।