সরাইলে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত ১ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আজ রোববার সকালে নির্বাচন-পরবর্তী সহিংসতায় একজন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছে। জানা যায়, পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের হামলায় আনিছ উদ্দিন ঠাকুর (৪৫) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুরের ছোট ভাই।পুলিশ ও গ্রামবাসী জানায়, শনিবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কুট্টাপড়া গ্রামের বাসিন্দা মনির উদ্দিন আহমেদ পরাজিত হন। আজ সকাল ১০টার দিকে ভোট না দেওয়ার অভিযোগ এনে মনির উদ্দিন ও তাঁর সমর্থকেরা প্রতিবেশী রফিক উদ্দিন ঠাকুরের বসতবাড়িতে বল্লম, দা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে রফিক উদ্দিনের ছোট ভাই আনিছ উদ্দিন ঠাকুরসহ কমপক্ষে ১১ জন নারী-পুরুষ গুরুতর আহত হয়। আহত ব্যক্তিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক আনিছ উদ্দিন ঠাকুরকে মৃত ঘোষণা করেন।রফিক উদ্দিন ঠাকুর অভিযোগ করে প্রথম আলোকে বলেন, ‘মনির উদ্দিন ও অপর পরাজিত ইউপি সদস্য পদপ্রার্থী মো. সাদেক মিয়া তাঁদের লোকজন নিয়ে আমার ও আশপাশের বসতবাড়িতে হামলা চালিয়ে আমার ছোট ভাইকে হত্যা করেন এবং তিনটি দোকান, ১০টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করে।’ সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।