সরাইলে পুলিশ-জুয়াড়ি সংঘর্ষ, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুয়া খেলায় বাধা দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়েছে জুয়াড়িরা। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। এ সময় পুলিশের পাল্টা গুলিতে দুই জুয়ারি গুলিবিদ্ধ হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গতকাল সরাইলের পাকশিমুল গ্রামে কালাশা মাজারে ওরস চলাকালে এর আশপাশে একদল জুয়াড়ি জুয়ার আসর বসায়। এতে সরাইল থানার পুলিশ বাধা দিলে জুয়াড়িরা পুলিশের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে সরাইল থানার হাবিলদার মোহাম্মদ সিদ্দিক মিয়া ও কনস্টেবল মোহাম্মদ হানিফ মিয়া আহত হন। তাঁদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ গুলি চালালে রইছ উদ্দিন (৩০) ও আরিজ মিয়া (২৫) নামের দুই জুয়াড়ি গুলিবিদ্ধ হন। তবে আহতদের নিয়ে তাদের সঙ্গীরা পালিয়ে যায়।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।