সরাইলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আজ রোববার স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।আহত নেতা-কর্মীদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন মাস্টারকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এক পক্ষ অন্য পক্ষকে দায়ী করছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজকের হরতাল সফল করতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান ও আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে সকাল নয়টার দিকে পৃথক মিছিল বের করা হয়। বেলা ১১টার দিকে স্থানীয় হাসপাতালের মোড়ে দুই মিছিল থেকেই নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী চলে পাল্টাপাল্টি ধাওয়া। এতে ওই ২০ জন আহত হন।আবদুর রহমান এ ঘটনার জন্য আনোয়ার হোসেনকে দায়ী করে বলেন, ‘আগ্রাসী মনোভাব নিয়ে তাঁরা আমাদের মিছিলের ওপর হামলা চালিয়েছেন।’উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল আলম খন্দকার এ ঘটনার জন্য আবদুর রহমানের পক্ষের নেতা-কর্মীদের দায়ী করেন।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত।