সরাইলে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি জায়গার দখল নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও গ্রামবাসীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। এর মধ্যে চার সাংবাদিকও রয়েছেন। আজ সোমবার সকাল ১০টা থেকে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের কালীকচ্ছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, কালীকচ্ছ গ্রামে অবস্থিত বিজিবি-১২ ব্যাটালিয়নের সদর দপ্তরের দুই শত গজ দূরে কালীকচ্ছ বাজার-সংলগ্ন একটি বিরোধপূর্ণ জায়গায় বিজিবির সদস্যরা গতকাল রোববার রাতে হঠাত্ দখল করে চার দিকে টিন দিয়ে বেড়া নির্মাণ করেন। তথারা বেড়ার ভেতরে তাঁবু নির্মাণ করেন এবং ইট-বালুসহ নির্মাণসামগ্রী রাখেন। আজ সকাল নয়টার দিকে উত্তেজিত গ্রামবাসী টিনের বেড়া ও তাঁবু ভাঙচুর করে নির্মাণসামগ্রী নষ্ট করতে থাকে।কিছুক্ষণ পর বিজিবির দুই শতাধিক সদস্য ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীকে ধাওয়া করেন। এ সময় পাঁচ শতাধিক গ্রামবাসী তাঁদের উদ্দেশে ইটপাটকেল ছুড়তে থাকে। এক ঘণ্টা ধরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ সময় সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় কারীকচ্ছ বাজারের সব দোকানপাট। একপর্যায়ে বিজিবাি সদস্যরা পথচারী শিশু-কিশোরসহ সব বয়সের লোকজনকে বেদম মারধর শুরু করেন। তাঁরা গ্রামে প্রবেশ করে নারী ও এসএসসি পরীক্ষার্থীকে মারধর করতে থাকেন বলে গ্রামবাসী অভিযোগ করে।পাল্টাপাল্টি ধাওয়ার সময় পেশাগত দায়িত্ব পালনকালে বিজিবির সদস্যরা দৈনিক বাংলাবাজার পত্রিকার স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ মাসুদকে পিটিয়ে তাঁর ক্যামেরা ও মুঠোফোন ছিনিয়ে নেন। মাসুদকে রক্ষা করতে গিয়ে দৈনিক ইত্তেফাকের জুলকার নাইন, দৈনিক মানবজমিনের মাহবুব খান ও দৈনিক ডেসটিনির নুরুল হুদা বিজিবির সদস্যদের মারধরের শিকার হন। একই সঙ্গে তাঁদের মুঠোফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম সাহেদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন ও র্যাব সদস্যরা।ইউএনও সাহেদুল ইসলাম ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করে ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যসহ সবকে সরে যেতে নির্দেশ দেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।বিজিবি-১২ ব্যাটালিয়নের ডিএডি আহসান হাবীব প্রথম আলো অনলাইনকে বলেন, ‘জায়গাটি আমাদের (১২ বিজিবির)। আমাদের বৈধ কাগজপত্র রয়েছে। আমাদের মালপত্র ভাঙচুরের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করব।’কালীকচ্ছ গ্রামের নূর জাহান বেগম (৬০) নামের এক বৃদ্ধা প্রথম আলো অনলাইনকে বলেন, ‘জায়গাটি আমার মৃত মা কদ বানুর নামে। বৈধ কাগজপত্রসহ ৫০-৬০ বছর ধরে জায়গাটি আমাদের দখলে আছে। হঠাত্ করে তারা (বিজিবি) জায়গার মালিক দাবি করে সমস্যার সৃষ্টি করেছে।’সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াসউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।