সরাইলে বিদ্যুতের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ব্র‏‏াহ্মণবাড়িয়ার সরাইলে বিক্ষুব্ধ জনতা আজ বুধবার দুপুরে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। বেলা সোয়া একটার দিকে স্থানীয় প্রশাসন ও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়। অবরোধের সময় মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গত ১০-১২ দিন ধরে পল্লী বিদ্যুতের আওতাধীন সরাইলের পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। গ্রামবাসী বিষয়টি কর্তৃপক্ষকে বারবার জানালেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছিল না। অতিষ্ঠ গ্রামবাসী বাধ্য হয়ে আজ মহাসড়কে নেমে আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.হেলাল উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান, পল্লী বিদ্যুৎ সমিতির ব্রা‏হ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (নির্মাণ ও রক্ষণাবেক্ষণ) মো. সিরাজুর ইসলাম ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার আশ্বাস দেয়। এর পরিপ্রেক্ষিতে প্রায় দেড় ঘণ্টা পর বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়। ইউএনও মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।