সরাইলে মহাসড়ক অবরোধ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এম ইকবাল আজাদের খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ বুধবার ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে সহস্রাধিক মানুষ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইকবাল আজাদ খুন হওয়ার ঘটনার দেড় মাস পরও মামলার মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাদের গ্রেপ্তারের দাবিতে আজ সকালে মহাসড়কের ওপর সমাবেশের ডাক দেয় স্থানীয় সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পো মালিক-শ্রমিক সমিতি। তারা সকাল ১০টা থেকে বিশ্বরোড মোড়ে সমাবেশ করে। বেলা ১১টার দিকে সহস্রাধিক মানুষ সরাইল বিশ্বরোড মোড়ে মহাসড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে। এ সময় তারা খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে। এতে মহাসড়কের তিন দিকে কয়েক শ গাড়ি আটকা পড়ে।ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ হোসেন আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। গত ২১ অক্টোবর সন্ধ্যায় উপজেলা সদরে দলীয় দুষ্কৃতকারীদের দায়ের কোপে ও বল্লমের আঘাতে খুন হন ইকবাল আজাদ। এ ঘটনায় তাঁর ছোট ভাই এ কে এম জাহাঙ্গীর আজাদ বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম, সহসভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, যুগ্ম সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, যুবলীগের আহ্বায়ক মাহফুজ আলী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফেজুল আসাদসহ ২২ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে আরও ৮-১০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ ঘটনায় পুলিশ একজন এজাহারভুক্ত আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করলেও প্রধান আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।