সরাইলে মহাসড়ক অবরোধ হেফাজতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস বন্ধের প্রতিবাদে আজ শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, হেফাজতে ইসলামের ঢাকা অভিমুখী লংমার্চের প্রতিবাদে আজ সন্ধ্যা ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিভিন্ন সংগঠনের হরতাল ও গণজাগরণ মঞ্চের দেশব্যাপী অবরোধের কারণে সরাইল বিশ্বরোড মোড় থেকে যাত্রীবাহী কোনো বাস আজ ঢাকা ছেড়ে যায়নি। সকাল ১০টার পর দূরপাল্লার সব বাসের টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়।এর প্রতিবাদে বেলা তিনটার দিকে বিশ্বরোড মোড় থেকে হেফাজতে ইসলাম একটি বিক্ষোভ-মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। বিকেল পাঁচটার দিকে সংগঠনটির সদস্যরা উপজেলা সদর থেকে একটি বিক্ষোভ-মিছিল বের করেন। তাঁরা বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও সমাবেশ করেন। এ সময় এক ঘণ্টা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। তারা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন।