সরাইলে যুবলীগ নেতাকে পিটিয়েছে পিকেটাররা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে আজ সোমবার সকালে পিকেটাররা স্থানীয় একজন যুবলীগ নেতা ও তাঁর চাচাকে পিটিয়ে গুরুতর আহত করেছে। তবে পিকেটাররা এ অভিযোগ অস্বীকার করেছে। তারা জানায়, ওই যুবলীগ নেতা একজন শিক্ষার্থীর ওপর মোটরসাইকেল তুলে দিলে পিকেটাররা তাঁকে কয়েকটি চড়-থাপ্পড় দেয়।সূত্র জানায়, আজ ভোরবেলা থেকে ওই স্থানে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে পাঁচ শতাধিক মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী কোরআন তিলাওয়াত করছিল। সকাল সাড়ে নয়টার দিকে শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমানুল্লাহ আমান (৪০) মোটরসাইকেলে ওই স্থান অতিক্রম করছিল। এ সময় পিকেটাররা তাঁকে পিটিয়ে গুরুতর আহত করে এবং তাঁর মোটরসাইকেলটি ভাঙচুর করে। আমানের চাচা তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে পিকেটাররা তাঁকেও পিটিয়েছে।তবে মাদ্রাসা শিক্ষার্থীদের অভিযোগ, আমান মোটরসাইকেল নিয়ে পিকেটারদের ওপর উঠে গেলে মাসুদ নামের নয় বছরের এক ছাত্র গুরুতর আহত হয়। মাসুদকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আমানুল্লাহ আমান প্রথম আলোকে বলেন, ‘পিকেটাররা আমার মোটরসাইকেল ভাঙচুর করার সময় ওই ছেলেটির ওপর মোটরসাইকেল নিয়ে পড়ে যাই। এতে মাসুদ আহত হয়েছে।’একই মহাসড়কে সরাইল বিশ্বরোড মোড়ে সকাল ১০টার দিকে পিকেটাররা একটি ওষুধ কোম্পানির গাড়ি ভাঙচুর করে। সেখানে সহস্রাধিক মাদ্রাসা শিক্ষার্থীর অবরোধে মহাসড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।