সরাইলে লঞ্চ দুর্ঘটনা: তদন্ত শুরু করেছে ৩ কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সংঘটিত লঞ্চ দুর্ঘটনা তদন্তে গঠিত তিনটি কমিটি গতকাল শুক্রবার কাজ শুরু করেছে। কমিটিগুলোকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রধান প্রকৌশলী হাসান মাহমুদকে প্রধান করে তিন সদস্যের একটি, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এম এম নাজমুল হককে প্রধানকে তিন সদস্যের একটি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক আবদুল মান্নানের নেতৃত্বাধীন সাত সদস্যের আরেকটি তদন্ত কমিটি লঞ্চডুবির ঘটনার তদন্ত শুরু করেছে।সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হেলাল উদ্দিন জানিয়েছেন, গতকাল বিকেল থেকে প্রত্যেক কমিটি তাদের তদন্তকাজ শুরু করেছে। লঞ্চডুবিতে উদ্ধার হওয়া ৩৪টি লাশের মধ্যে ৩১টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত একজন পুরুষ (৪৫), একজন নারী (৩৫) এবং একটি বালকের (১২) লাশ গতকাল সন্ধ্যায় সরাইলের অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামে স্থানীয় চেয়ারম্যান আবদুল হাকিমের উদ্যোগে দাফন করা হয়েছে।প্রসঙ্গত, গত বুধবার গভীর রাতে সরাইলের রাজাপুর গ্রামের কাছে মেঘনায় ডুবন্ত ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে এমভি বিপাশা লঞ্চটি ডুবে যায়। এ যাত্রীবাহী লঞ্চটি কিশোরগঞ্জের ভৈরব থেকে সুনামগঞ্জের জামালগঞ্জে যাচ্ছিল।