সরাইলে শাহি ঈদগা মাঠ এলাকায় ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রা‏হ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ শাহি ঈদগা মাঠ এলাকায় আজ সোমবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। একই সময়ে ও স্থানে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ও উপজেলা যুবলীগ সমাবেশ ডাকায় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। জানা যায়, প্রস্তাবিত নারী উন্নয়ন নীতিমালা বাতিলের দাবিতে স্থানীয় ইসলামী আইন বাস্তবায়ন কমিটি আজ বেলা দুইটার দিকে উপজেলার কালীকচ্ছ শাহি ঈদগা মাঠে সমাবেশের ডাক দেয়। এতে প্রধান অতিথি হিসেবে ইসলামী ঐক্য জোটের একাংশের চেয়ারম্যান ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনীর উপস্থিত থাকার কথা। একই সময়ে একই স্থানে প্রস্তাবিত নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সমাবেশের ডাক দেয় সরাইল উপজেলা যুবলীগ। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেলাল উদ্দিন প্রথম আলোকে জানান, গতকাল বিকেলে উভয় পক্ষকে তাঁর কার্যালয়ে ডেকে নিলে তারা লিখিত দিয়েছিল যে ওই স্থানে কোনো পক্ষই আজ বেলা দুইটায় তাদের কর্মসূচি পালন করবে না। কিন্তু সন্ধ্যার পর উভয় পক্ষই মাইকে প্রচার করে, তারা ওই স্থানেই সমাবেশ করবে। তাই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন আজ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে।