সরাইলে শিশু-কিশোরদের লাঠিমিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আজ সোমবার হেফাজতে ইসলামের ডাকা হরতালের সমর্থনে রাস্তায় নামানো হয়েছে শিশু-কিশোরদের। সকাল থেকে ঢাকা-সিলেট, কুমিল্লা-সিলেট ও সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের বিভিন্ন স্থানে হেফাজতের নেতা-কর্মীদের পাশাপাশি শিশু-কিশোরেরাও খণ্ড খণ্ড মিছিল নিয়ে সড়ক অবরোধে অংশ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হেফাজতের নেতা-কর্মীদের পাশাপাশি শিশু-কিশোরেরা লাঠিসোঁটা নিয়ে ও আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে। এসব সড়কে সাইকেল, রিকশাসহ কোনো ধরনের যান চলতে দেয়নি হরতালের সমর্থকেরা। এতে যাত্রী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়। এ সময় সড়কের বিভিন্ন স্থানে দায়িত্বরত পুলিশ ছিল নীরব। এ ছাড়া, উপজেলা হেফাজতে ইসলামের আহ্বায়ক মেরাজুল হক কাসেমীর নেতৃত্বে নেতা-কর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কের ওপর জোহর নামাজ আদায় করেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী প্রথম আলো ডটকমকে বলেন, হরতাল চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।