সরাইলে সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত অর্ধশতাধিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের দুই গ্রামের বাসিন্দার মধ্যে আজ শুক্রবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। সৈয়দটুলা ও চানমুনিপাড়া গ্রামের বাসিন্দার মধ্যে বেলা ১১টা থেকে সোয়া একটা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এতে পুলিশের সাত সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। আহতের মধ্যে সরাইল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের অবস্থা গুরুতর। র্যাব এ ঘটনায় দুজনকে আটক করেছে। বেলা সোয়া একটার দিকে র্যাব, পুলিশ ও দাঙ্গা পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আজ সকালে দুই গ্রামের কিশোরদের মধ্যে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষে উভয় গ্রামের দুই সহস্রাধিক লোক জড়িয়ে পড়ে।