সরাইলে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নাছিরনগর সড়কে আজ মঙ্গলবার টেম্পোর চাপায় এক স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় সকাল ১০টা থেকে রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সরাইল-নাছিরনগর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।আজ সকাল সাড়ে নয়টায় কালীকচ্ছ পাঠশালা উচ্চবিদ্যালয়ের সামনে একটি যাত্রীবাহী টেম্পো স্কুলগামী পাঁচ শিক্ষার্থীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবদুল মোমেন নামের এক স্কুলছাত্র মারা যায়। টেম্পোটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় ওই শিক্ষার্থীদের চাপা দেয়। আহত অন্য চার শিক্ষার্থী তানভীর, তুষার, বিপাসা ও রিমাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে। হতাহত সবাই ওই স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।এদিকে ঘটনার পরপরই উত্তেজিত ছাত্র-জনতা সরাইল নাছিরনগর সড়ক অবরোধ করে পাঁচটি ট্রাক ও অন্তত ২০টি টেম্পো ভাঙচুর করে। বেলা সাড়ে ১১টায় তিন শতাধিক ছাত্র উপজেলা সদরের প্রধান সিএনজি স্টেশনে ঢুকে অর্ধশতাধিক সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে। এ সময় ছাত্র-শ্রমিকদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় ১১ জন ছাত্র ও চারজন শ্রমিক আহত হয়।আহতদের জেলা সদর হাসপাতালে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সড়কে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, পরিস্থিতি এখন শান্ত। টেম্পোটিকে জনতা আটক করেছে, তবে চালক পালিয়ে গেছেন।