সরাইলে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আজ শনিবার বিকেলে এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছে। আহত হয়েছে দুজন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের রাজামারিয়াকান্দি নামক স্থানে একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এতে ওই গাড়ির ছয় আরোহী গুরুতর আহত হয়। গাড়িটি ময়মনসিংহ থেকে হবিগঞ্জের লাখাইয়ের দিকে যাচ্ছিল। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেডে নিয়ে গেলে সন্ধ্যা সাতটার দিকে চারজনের মৃত্যু হয়।নিহতরা হলো লাখাই উপজেলার কালাও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতালেব হোসেন স্ত্রী রোকসানা বেগম (৩২), একমাত্র ছেলে রিফাত হোসেন (১২) একমাত্র মেয়ে সোহা (৫) ও শাশুড়ি আমেনা খাতুন (৬৫)। আহত হয়েছেন মো. মোতালেব হোসেন (৪৫) ও চালক রুবেল মিয়া (২৫)। তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।মো. মোতালেব হোসেনের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। তাঁর শ্বশুরবাড়ি হচ্ছে লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে। তাঁরা সেখানেই যাচ্ছিলেন।সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।