সরাইলে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রা‏হ্মণবাড়িয়ার সরাইলে এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নারী সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছে শিশুসহ ছয়জন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মাইক্রোবাসের যাত্রী নূরজাহান বেগম (৫৫), তাঁর ছেলের বউ পাখি আক্তার (২০), আরেক ছেলের বউ আকলিমা খাতুন (১৮) এবং তাঁদের নিকটাত্মীয় বানু বেগম (৪৫)। পুলিশ ও আহত যাত্রীরা জানায়, গতকাল রাত দেড়টার দিকে ওই স্থানে নোয়াখালী থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাসকে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের পেছনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই চারজন মারা যান। আহত হন নূরজাহানের স্বামী জিয়াউল হক (৬৫), ছেলে হোসেন আহম্মদ (২৬), গিয়াস উদ্দিন (২৪), হোসেন আহম্মদের ছেলে সালমান (দুই মাস), বানু বেগমের ছেলে এনামুল হাসান (২২) ও তাঁর স্ত্রী মমতাজ বেগম (১৯)।নূরজাহানদের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, মাস দুয়েক আগে নূরজাহানের দ্বিতীয় ছেলে গিয়াস উদ্দিনের সঙ্গে আকলিমা খাতুনের বিয়ে হয়। এ উপলক্ষেই তাঁরা হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে সিলেটে যাচ্ছিলেন।সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।