সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১, প্রতিবাদে অবরোধ
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা বাসস্ট্যান্ড এলাকায় আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে একটি মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের একজন আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম হেনা আকতার (২৫)। দুর্ঘটনায় তাঁর স্বামী মো. মুকুল ভদ্র (৩০) গুরুতর আহত হনেছেন।দুর্ঘটনার পর বেড়তলা বাসস্ট্যান্ডে গতিরোধক নির্মাণের দাবিতে প্রায় ২০০ মানুষ এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন। অবরোধে মহাসড়কের দুই পাশে চার কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। অবরোধে অংশ নেন শান্তিনগর গ্রামের ইউপি সদস্য মুজিবুর রহমান (৪০), মোবারক হোসেন (৩০), বজলু মিয়া (৫০), শাহ আলী (৪০) প্রমুখ। তাঁরা বলেন, গতিরোধক না থাকায় দু-এক দিন পর পর সড়ক দুর্ঘটনায় মানুষ নিহত হন। ওই এলাকার লোকজন ট্রাক ও ট্রাকের চালককে আটক করে হাইওয়ে পুলিশে সোপর্দ করেছে।ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের (সদর ও বিজয়নগর) সাংসদ ওবায়দুল মোক্তাদির চৌধুরী, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াসউদ্দিন ও হাইওয়ে পুলিশের লোকজন মহাসড়কে ১০ দিনের মধ্যে গতিরোধক নির্মাণের প্রতিশ্রুতি দিলে জনতা অবরোধ তুলে নেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি।সরাইল থানার ওসি গিয়াসউদ্দিন ও হাইওয়ে পুলিশের এস আই আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।