সরাইলে ২ দল গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রা‏‏হ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আজ শুক্রবার ভোরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছে। পূর্ববিরোধের জের ধরে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এ সংঘর্ষ ঘটে। পুলিশ ও গ্রামবাসী জানিয়েছে, গতকাল বৃহস্পতিবারের সংঘর্ষের জেরে কালা মিয়ার গোষ্ঠীর লোকজন পার্শ্ববর্তী শাহবাজপুর ইউনিয়নের একটি গ্রামবাসীর সহায়তা নিয়ে ধন মিয়ার গোষ্ঠীর পক্ষের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় তারা ১০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। কিছুক্ষণ পর উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শতাধিক লোক আহত হয়েছে। সংঘর্ষ থামাতে জেলা সদর থেকে আসা দাঙ্গা পুলিশ ও সরাইল থানার পুলিশ ব্যাপক লাঠিপেটা করে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও পাঁচ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।সংঘর্ষের পরপরই উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হেলাল উদ্দিন দেওড়া গ্রামে ছুটে আসেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহিরুল ইসলাম খান বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রামবাসী জানিয়েছে, আবুল কালা মিয়ার গোষ্ঠীর সঙ্গে ধন মিয়ার গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুই সপ্তাহ আগে কালা মিয়ার গোষ্ঠীর আনোয়ার হোসেনের বাড়ি থেকে একটি মুঠোফোন সেট চুরি হয়। এতে আনোয়ারের লোকজন ক্ষিপ্ত হয়ে ধন মিয়ার পক্ষের আশেক মিয়া (২০) নামের এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলাও হয়েছে। আজ এ ঘটনার জেরে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে।