সরাইলে ২৯ জওয়ানের আদালতে বক্তব্য পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে ব্রা‏‏হ্মণবাড়িয়ার সরাইলে ১ রাইফেল ব্যাটালিয়নের ২৯ জন জওয়ান আজ সোমবার আদালতে তাঁদের বক্তব্য পেশ করেছেন। গতকাল রোববার তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আজ সকাল সাড়ে আটটায় সরাইল ১ রাইফেল ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ে স্থাপিত বিশেষ আদালত-১৪-এ বিচারকাজ শুরু হয়ে চলে তা পৌনে ১০টা পর্যন্ত চলে। পরে আদালত আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।আজ আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের কুমিল্লা সেক্টরের অধিনায়ক কর্নেল এস এম ফরহাদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ, বিডিআরের কর্মকর্তা লে. কর্নেল আখতারুজ্জামান ও মেজর মো. মাকসুদুল আলম। সরকার পক্ষের বিশেষ আইনজীবী হিসেবে আছেন গাজী জিল্লুর রহমান ও মো. হাবিবুর রহমান শেখ। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু সালেহ মো. গোলাম আম্বিয়া। আজ সব আসামি আদালতে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক বক্তব্য পেশ করেন। ২৯ আসামির মধ্যে ২৭ জন তাঁদের দোষ স্বীকার করে আদালতের অনুকম্পা চান। হাবিলদার মো. আমজাদ হোসেন ভূঁইয়া ও নায়েক মো. বদরুল আলম নামের দুই জওয়ান নিজেদেরকে নির্দোষ দাবি করে আদালতে তাঁদের বক্তব্য পেশ করেন। ওই দুজনের বিরুদ্ধে মোট চারজন সাক্ষী তাঁদের সাক্ষ্য দেন এবং ওই দুই আসামি তাঁদের জেরা করেন। পরে প্রসিকিউটর আদালতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। প্রসঙ্গত, গত বছরের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের জের ধরে সরাইল ১ রাইফেল ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ে কিছু জওয়ান ভয়ভীতি প্রদর্শন, অস্ত্রাগার লুট, জনমনে আতঙ্ক সৃষ্টি, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ ও ফাঁকা গুলি ছুড়ে অরাজকতা সৃষ্টি করে—এমন অভিযোগে ২৯ জনের বিরুদ্ধে ২০০৯ সালের ১৩ মে মামলা হয়। সরাইল থানার তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকলাছ হোসেন বাদী হয়ে ব্রা‏হ্মণবাড়িয়ার বিচারিক হাকিমের আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা করেন। ওই বছর ১৪ মে ১৭ জনকে এবং গত ১৩ অক্টোবর ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা সবাই ব্রা‏হ্মণবাড়িয়া কারাগারে আছেন।