সরাইলে ২৯ জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে ব্রা‏‏হ্মণবাড়িয়ার সরাইলে ১ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ২৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযুক্ত জওয়ানদের মধ্যে একজনকে সর্বোচ্চ ৭ বছর, একজনকে পাঁচ বছর, পাঁচজনকে তিন বছর করে, তিনজনকে দুই বছর করে, চারজনকে দেড় বছর করে, তিনজনকে এক বছর করে, ১০ জনকে ৬ মাস করে এবং বাকি দুজনকে ৪ মাস করে সাজা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে এ রায় কার্যকর হবে। রায়ের পরপরই আসামিদের ব্রা‏হ্মণবাড়িয়া জেলা করাগারে পাঠানো হয়েছে। জানা যায়, ব্যাটালিয়নের অভিযুক্ত ২৯ জনের মধ্যে ইতিমধ্যে ২৭ জন আদালতে তাঁদের দোষ স্বীকার করেছেন। বাকি দুজন নিজেদের নির্দোষ দাবি করেন। গত ২৮ ও ২৯ নভেম্বর বিশেষ আদালতে যুক্তিতর্ক ও সাক্ষীদের সাক্ষ্য নেওয়া শেষ হয়। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের কুমিল্লা সেক্টরের অধিনায়ক কর্নেল এস এম ফরহাদ। প্রসঙ্গত, গত বছরের ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের জের ধরে সরাইলে ১ রাইফেল ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ে কিছু উচ্ছৃঙ্খল জওয়ান তৎকালীন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো.আরিফুর রহমানকে ভয়ভীতি প্রদর্শন করে কার্যালয় ত্যাগে বাধ্য করেন। সেই সঙ্গে তাঁরা অস্ত্রাগার লুট করে রণসাজে সজ্জিত হয়ে রাস্তায় নেমে জনমনে আতঙ্ক ছড়ান। গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধের মাধ্যমে ফাঁকা গুলি ছুড়ে অরাজকতা সৃষ্টি করেন। যা বিডিআর আইনের পরিপন্থী।এ ঘটনায় ২০০৯ সালের ১৩ মে সরাইল থানার তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকলাছ হোসেন বাদী হয়ে ব্রা‏হ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন। ওই বছরের ১৪ মে ১৭ জনকে এবং গত ১৩ অক্টোবর ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তারা বর্তমানে ব্রা‏হ্মণবাড়িয়া কারাগারে আটক আছেন।