বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল ১ রাইফেল ব্যাটালিয়নের ২৯ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ রোববার সকাল নয়টায় ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ে স্থাপিত বিশেষ আদালতে তৃতীয় দিনের মতো বিচারকাজ শুরু হয়ে চলে ১১টা পর্যন্ত। বিরতির পর ১২টার দিকে বিচারকাজ শুরু হয়ে সোয়া একটায় শেষ হয়। আদালতে সভাপতিত্ব করেন কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল এস এম ফরহাদ। আজ ২৯ জওয়ানকে আদালতে হাজির করা হয়। মামলার প্রসিকিউটর ও ১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু সালেহ মোহাম্মদ গোলাম আম্বিয়া আসামিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন।প্রসঙ্গত, গত বছরের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের সঙ্গে একাত্মতা পোষণ করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ২৯ জনের বিরুদ্ধে মামলা হয়। সরাইল থানার তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকলাস হোসেন ব্রাহ্মণবাড়িয়ার বিচারিক আদালতে রাষ্ট্রদ্রোহ মামলাটি করেন। পরে তাঁদের গ্রেপ্তার করে জেলা কারাগারে রাখা হয়।