সরাসরি আমলি ক্ষমতা নেই বিচারকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে নারী নির্যাতনের মাত্রা বাড়াবাড়ি পর্যায়ে গেলে ১৯৮০ সালে যৌতুক নিরোধ আইন প্রণীত হয়, যা এখনো বলবৎ আছে। ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইন চাহিদা পূরণ করতে না পারায় ১৯৮৩ সালে The Cruelty to woman (Deterrent punishment) ordinance 1983 প্রণীত হয়েছিল। একপর্যায়ে এ আইনটিও যখন চাহিদা পূরণ করতে পারছিল না, তখন বিভিন্ন নারী ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোর দাবির প্রতি শ্রদ্ধাশীল থেকে রাষ্ট্র ১৯৯৫ সালে নারী ও শিশু নির্যাতন দমন (বিশেষ বিধান) আইন নামে একটি পৃথক আইন প্রণয়ন করে। আইনবেত্তারা অতিমাত্রায় নারীর প্রতি সংবেদনশীল থাকায় ওই আইনে তদন্তকালে জামিন দানের বিরুদ্ধে কড়াকড়ি অবস্থান নেন। এ আইনে ক্ষতিগ্রস্ত নারীর মানবাধিকার কিছুটা রক্ষণীয় হলেও যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হতো (নারী-পুরুষ দোষী-নির্দোষ নির্বিশেষে) তাঁদের মানবাধিকার লঙ্ঘিত হতে থাকে। ফলে দেশে নারী নির্যাতনের মামলায় নিরীহ প্রতিপক্ষকেও জড়িয়ে হয়রানির মাত্রা আশঙ্কাজনকভাবে বাড়তে থাকলে আবারও নানামুখী সমালোচনার মুখে তা বাতিল হয়ে ২০০০ সালে নতুন আদলে একই শিরোনামে একটি আইন প্রণীত হয়। সে আইনটিও নিজস্ব সীমাদ্ধতার কারণেই ২০০৩ সালে সংশোধিত রূপ গ্রহণ করে বর্তমানে চালু আছে। অভিজ্ঞতায় দেখা যাচ্ছে, ২০০৩ সালের সংশোধনের পরও বিদ্যমান আইনটি কিছু সীমাবদ্ধতার কারণে কালের চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে। ফলে নাগরিকের স্বার্থ সংরক্ষণের জন্য আজ আইনটির নতুন সংশোধনী আবশ্যক হয়ে পড়েছে।সাধারণত থানায় মামলা করতে গিয়ে কোনো বিচারপ্রার্থী যখন বিমুখ হন, তখন প্রচলিত নারী ও শিশু নির্যাতন দমন (বিশেষ) ট্রাইব্যুনালে বিচারপ্রার্থী নালিশ নিয়ে হাজির হন। কিন্তু লক্ষণীয়, পুলিশের কাছে বিচার প্রাপ্তিতে বিফল নির্যাতিত নারীর তাৎক্ষণিক প্র্রতিকার দিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অক্ষম। ফলে যে লক্ষ্য থেকে নারী ও শিশু নির্যাতন আইন প্রণীত হয়েছে, তা শুধু ট্রাইব্যুনাল জজের সরাসরি অপরাধ আমলে নেওয়ার ক্ষমতাহীনতার কারণেই বহুলাংশে ব্যর্থ হচ্ছে। আমরা যদি দেশে বিদ্যমান যৌতুক নিরোধ আইনের নিম্ন আদালতের বিচারকের ক্ষমতার দিকে তাকাই, তাহলে দেখতে পাই—যৌতুকের কারণে একজন বিবাহিত নারী স্বয়ং বা তাঁর পক্ষে কোনো ব্যক্তি সংশ্লিষ্ট ঘটনা এলাকার কোনো আমলি আদালতে (cognizing court) নালিশ দায়ের করতে পারেন এবং সে নালিশের ভিত্তিতে সংশ্লিষ্ট আদালত কোনো জখম ছাড়াই ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় বা ওই আইনের অপরাপর ধারায় মামলাটি গ্রহণ করে তদন্তে দিয়ে প্রাথমিক সত্যতা যাচাই করতে পারেন বা তদন্ত ছাড়া সরাসরি আমলে নিয়ে অবস্থাভেদে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা দিতে পারেন। এরূপ ক্ষমতা একটি মোকদ্দমায় একজন বিচারকের জন্য সহজাত অধিকার হিসেবে থাকা দরকার। যা বিদ্যমান ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনে আছে। ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনটি যৌতুককেন্দ্রিক আইন হলেও বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইন কিন্তু নারী ও শিশুসংক্রান্ত নানা অপরাধ নিয়ে। যেখানে যৌতুক, যৌতুকের কারণে মৃত্যু ঘটানো, ধর্ষণ, ধর্ষণের পর হত্যা, ধর্ষণের ফলে জন্মলাভকারী শিশুসংক্রান্ত বিধান, নারীর আত্মহত্যায় প্ররোচনা, নারী ধর্ষণের চেষ্টা, যৌন পীড়ন, অপহরণ, নারী ও শিশু পাচার, ভিক্ষাবৃত্তি ইত্যাদির উদ্দেশে শিশুর অঙ্গহানিসহ নানা বিষয় যুক্ত। এ আইনের ৪ থেকে ১২ ধারা পর্যন্ত উল্লিখিত অপরাধ ও অপরাধের সাজার বর্ণনা করা হয়েছে এবং নারী ও শিশু আইনের অপরাধে সহযোগিতার জন্য ৩০ ধারায় উল্লেখ আছে। ১৩ ধারায় ধর্ষণের ফলে জন্মলাভকারী শিশুর বিধি ব্যবস্থা সম্পর্কে বলা আছে। এই আইনের অবশিষ্ট ধারা প্রয়োগ ও বিচার-পদ্ধতি সম্পর্কে। প্রায়ই দেখা যায়, একজন গৃহিণী যৌতুকের কারণে থানার দ্বারস্থ হয়ে প্রতিকার না পেয়ে নারী ও শিশু ট্রাইব্যুনালে তাঁর অভিযোগ নালিশ নিয়ে কোর্টে হাজির, শরীরে জখমের চিহ্ন। ঘটনার বিবরণ, ডাক্তারি সনদ, পারিপার্শ্বিকতা—সব মিলেই প্রাথমিক সত্যতা প্রতিভাত কিন্তু জজ বাহাদুর অপরাধটি আমলে নিতে পারছেন না। প্রাইমাফেসি (প্রাথমিক কারণ) থাকার পরও পুনরায় মামলার সত্যতা আবিষ্কারের নামে (তদন্ত) অধস্তন কোনো বিচারক বা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিতে হচ্ছে। আমার বক্তব্য, যখন নিম্ন আদালতের বিচারক (প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক্ষেত্র বিশেষে ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট) শুধু যৌতুকের দাবির কারণে নালিশ আমলে নিয়ে তদন্ত ছাড়াই সমন বা গ্রেপ্তারি পরোয়ানা দিতে পারেন, তখন কিন্তু অপেক্ষাকৃত অধিক গুরুতর অপরাধ যেমন ধর্ষণ, অঙ্গহানি, পাচার, যৌতুকের কারণে সাধারণ বা গুরুতর আঘাত, হত্যা প্রভৃতির শিকার হয়ে কোনো ভিকটিম বা তাঁর পক্ষে কেউ ট্রাইব্যুনালের দ্বারস্থ হন, সেরূপ অবস্থায় ট্রাইব্যুনাল জজের কাছে আনা মামলায় তাৎক্ষণিক সমন গ্রেপ্তারি পরোয়ানা দূরে থাক, তিনি আমলে গ্রহণের ক্ষমতাও রাখেন না। যা হতবাক করার মতো ঘটনা। এখানে ট্রাইব্যুনালের বিচারক অনেকটাই অসহায় নাগরিকের মতো। তাঁর কোনো কিছুই করার ক্ষমতা নেই। শুধু যৌতুক কেন, কোনো নারী ধর্ষিতা হয়ে এলেও আদালতের সরসরি আমলে নিয়ে প্রতিকার দেওয়ার কোনো সুযোগ নেই। অথচ ২০০০ সালের নারী ও শিশু আইনের ১৯ ধারায় সব অপরাধকে আমলযোগ্য করা হয়েছে। ৩ ধারায় বলা হয়েছে, আপাতত বলবৎ অন্য কোনো আইনে যা-ই বলা থাকুক না কেন, এ আইনের বিধানাবলি কার্যকর থাকবে। অর্থাৎ এই আইনকে প্রাধান্য দেওয়া হয়েছে। ফলে অন্য সব আইনে নারী ও শিশুসংক্রান্ত যেসব অপরাধের কথা বলা হয়েছে, তা কার্যকর নয়। যেমন দণ্ডবিধির ৩৭৬ ধারার ধর্ষণের মামলা ৯ (১) ধারায় নারী ও শিশু আইনে হচ্ছে। প্রচলিত নারী ও শিশু আইনটি প্রায়োগিক থেকে স্ববিরোধী। কেননা ১৯ ধারা বলে নারী ও শিশু আইনের সব অপরাধকে আমলযোগ্য করা হয়েছে এবং ৩ ধারা বলে ২০০০ সালের নারী ও শিশু আইনের প্রাধান্যের কথা বলা হয়েছে অথচ একই আইনের ২৭ (১) ধারা বলে ট্রাইব্যুনালের জজ, সাবইন্সপেক্টর বা সরকারের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির লিখিত রিপোর্ট ব্যতীত কোনো অপরাধ বিচারার্থে গ্রহণ করতে পারেন না, তবে ২৭ এর (১ ক) ধারার তদন্তের বিধানাবলি মেনে (১ খ) অপরাধ আমলে নিতে পারবেন। যদিও (১গ) ধারা মতে তদন্তে নেতিবাচক রিপোর্ট থাকার পরও অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা ট্রাইব্যুনাল জজকে দেওয়া আছে। উপরিউক্ত পদ্ধতি মেনে ট্রাইব্যুনাল জজের অপরাধ আমলে নেওয়ার ক্ষমতাকে আমরা বলতে পারি—কোনো পক্ষাঘাতগ্রস্ত রোগীর নিজেই সিঁড়ি বেয়ে সুউচ্চ ভবনের ওপর ওঠার শামিল।বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইনে নাগরিককে প্রতিকার দিতে গেলে অবশ্যই এ গুরুতর অসঙ্গতিগুলো বিদায় করতে হবে। রাষ্ট্র এ আইনের অসঙ্গতিগুলো যদি দূর না করে এবং বিদ্যমান আইনের প্রাধান্যের কারণে অন্য আইনে প্রতিকার রুদ্ধ থাকে, আর পুলিশের অবক্ষয় যদি অব্যাহত থাকে, তাহলে বিদ্যমান নারী ও শিশু আইন নারীর প্রতি সহিংসতা দমনে সহায়ক না হয়ে পীড়নের কারণ হবে। লেখক  আইনজীবী