সরাসরি নির্বাচনের জন্য নিজেদের গড়ে তুলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগঠনকে আরও শক্তিশালী করতে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য দলের নারীনেত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সংরক্ষিত আসনে নয়, ভবিষ্যতে যাতে সরাসরি নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া যায়, সেভাবে নারীদের নিজেদের গড়ে তুলতে হবে।আজ শনিবার রাতে গণভবনে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী নারীনেত্রীদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।পাঁচটি সংরক্ষিত নারী আসনে মনোনয়নের জন্য আওয়ামী লীগের ১৭৯ জন নেত্রী দলের মনোনয়ন ফরম কিনেছেন। দলীয় সংসদীয় বোর্ডে সাক্ষাত্কার দেওয়ার জন্য তাঁদের গণভবনে ডাকা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় সংসদীয় বোর্ডের বৈঠক শুরু হয়ে তা ঘণ্টাখানেক চলার পর সব মনোনয়ন প্রত্যাশীকে একসঙ্গে ডাকা হয়। পরে প্রধানমন্ত্রী সবার উদ্দেশে বক্তব্য দেন। সংসদীয় বোর্ড আবারও বৈঠক করে পাঁচজনের তালিকা চূড়ান্ত করবে।শেখ হাসিনা বলেন, বিএনপির নেত্রী এখন খোলামেলাভাবে যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছেন। তাঁদের রক্ষায় তিনি আন্দোলনে নেমেছেন।মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এতজনের মধ্যে পাঁচজনকে বেছে নেওয়া কঠিন। প্রত্যেকেই যথেষ্ট যোগ্য। তবে আন্দোলন-সংগ্রাম ও এক-এগারোতে ভূমিকার বিষয়টি বিবেচনায় নিয়ে মনোনয়ন দেওয়া হবে। তিনি বলেন, বর্তমান সরকার নারী জাগরণ সৃষ্টি করতে সমর্থ হয়েছে। অতীতে নারীদের কাছ থেকে এত বেশি মনোনয়ন ফরম জমা পড়েনি। প্রধানমন্ত্রী সংগঠনকে আরও শক্তিশালী হিসেবে গড়ে তোলা এবং এলাকায় নিজেদের যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য নারীনেত্রীদের পরামর্শ দেন।স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নারীনেত্রীদের উদ্দেশে বলেন, ‘মনোনয়ন প্রত্যাশীরা সবাই যোগ্য। এত অধিকসংখ্যক যোগ্য প্রার্থী দলে থাকায় আমরা গর্বিত। এর মধ্য থেকেই আমাদের পাঁচজনকে বেছে নিতে হবে। সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়।’ তিনি বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে আমরা সমানসংখ্যক নারী-পুরুষ দেখতে চাই। এবার সরাসরি ভোটে ১৯ জন নারী নির্বাচিত হয়েছেন।’শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় বোর্ডের বৈঠকে উপস্থিত ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সৈয়দ আশরাফুল ইসলাম, কাজী জাফরউল্লাহ, ওবায়দুল কাদের ও দপ্তর সম্পাদক আবদুল মান্নান খান উপস্থিত ছিলেন।