সরিষাবাড়িতে ১৪৪ ধারা জারি
জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় আজ মঙ্গলবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। একইস্থানে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সভা ডাকার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।সরিষাবাড়ির ঘোড়ামারা বাজারে ব্যারিস্টার অবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদের ডাকে আজ এক আলোচনা সভা এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু গতকাল সোমবার রাতে একইস্থানে স্থানীয় আওয়ামী লীগ পাল্টা একটি সভা আয়োজনের ঘোষণা দেয়। পরিস্থিতি অবনতির আশঙ্কায় আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান ১৪৪ ধারা জারি করেন।সরিষাবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবীর তালুকদার জানান, আওয়ামী লীগ ইচ্ছা করেই এলাকার কৃতী সন্তান ব্যারিস্টার সালাম তালুকদারের নামে আয়োজিত অনুষ্ঠান বানচাল করতেই একই স্থানে সভা ডেকেছে। তিনি আরও জানান, সাত দিন আগেই এই স্থানে অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি সংগ্রহ করা হয়। অনুষ্ঠানটি পণ্ড করার লক্ষ্যে এটা আওয়ামী লীগের ষড়যন্ত্র। প্রশাসনও এ ব্যাপারে তাদের সহায়তা করেছে।