স্বাধীনতা দিবসে বিভিন্ন স্থানে সংঘর্ষে আহত ৩১
সরিষাবাড়ীতে আ.লীগ ও বিএনপির সংঘর্ষ গুলিতে নিহত ১
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধে ফুল দিতে যাওয়ার সময় আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে গুলিতে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে পুলিশসহ অন্তত ৫০ জন।এ ছাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধে ফুল দেওয়াকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় অন্তত ৩১ জন আহত হয়। কয়েকটি স্থানে বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সরিষাবাড়ী (জামালপুর): সরিষাবাড়ীতে নিহত ব্যক্তির নাম বেলাল হোসেন (৪৬)। বিএনপি তাঁকে নিজেদের কর্মী বলে দাবি করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলা বিএনপি সকাল সোয়া নয়টার দিকে দলীয় কার্যালয় থেকে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সঞ্চৃতিসৌধে পুষ্পস্তবক দিতে যাচ্ছিল। নেতা-কর্মীরা মিছিল নিয়ে আরামনগর বাজারে ট্রাকচালক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের কাছে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এরই মধ্যে বিপরীত দিক থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে ঘটনাস্থলে আসেন। তাঁরা পুলিশের সঙ্গে যোগ দেন। শুরু হয় আওয়ামী লীগ-বিএনপি-পুলিশের ত্রিমুখী সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ছোড়ে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। একপর্যায়ে গুলিবিদ্ধ হন আরামনগর বাজারের মসলা ব্যবসায়ী ও বিএনপির সমর্থক বেলাল। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মমতাজ উদ্দিন আহমেদ জানান, বেলালের কোমরে ও বুকে গুলি লেগেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।সংঘর্ষে ১৫ জন পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হন। তাঁদের অনেকেই শটগানের গুলিতে আহত হন। সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন মিয়া জানান, আহত ১৫ পুলিশ সদস্যের মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের আগে সকাল সাতটার দিকে সরিষাবাড়ী সদরে বিএনপির সমর্থক শাহজাহান আলীকে মারধর করে যুবলীগের সমর্থকেরা। ওই ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে উত্তেজনা চলছিল। উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেঞ্চদ অভিযোগ করেন, আওয়ামী লীগ ও পুলিশ যৌথভাবে হামলা চালিয়ে বিএনপির সমর্থক বেলালকে খুন করেছে।দুপুরের দিকে সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন অভিযোগ করেন, উপজেলা নাশকতা প্রতিরোধ কমিটির উদ্যোগে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ বানচালের জন্য জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার ও তাঁর ভাই পৌর মেয়র ফয়জুল কবীর তালুকদার পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটান। তবে ফরিদুল কবীর তালুকদার এই অভিযোগ অস্বীকার করেন।জামালপুরের পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলাম জানান, সহিংসতা এড়াতেই পুলিশ বিএনপির মিছিলে বাধা দিয়েছিল। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আহসান দাবি করেন, বেলাল পুলিশের গুলিতে নিহত হননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের ১৬৮ গুলি ছোড়ে ও কাঁদানে গ্যাসের সাতটি শেল নিক্ষেপ করে। ফেনী: ফেনীর সোনাগাজীতে বিএনপির নেতা-কর্মীরা উপজেলা পরিষদ চত্বরে শহীদ বেদিতে পুষ্পস্তবক দিতে যাচ্ছিলেন। তাঁরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের কাছে পৌঁছালে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। আওয়ামী লীগ এ জন্য বিএনপি নেতা-কর্মীদের দায়ী করে। একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ১০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, শটগানের গুলি ছোড়ে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।কুষ্টিয়া: বিএনপির জাতীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলামের নেতৃত্বে শহরে শোভাযাত্রা বের হয়। শহিদুল ইসলাম অভিযোগ করেন, দুপুর ১২টার দিকে শোভাযাত্রা বের করলে পুলিশ বাধা দেয়। তাই শোভাযাত্রা পণ্ড হয়। ভেড়ামারা থানার ওসি রিয়াজুল ইসলাম বলেন, মিছিল করার অনুমতি ছিল না। রাস্তার ওপর লোকজন জড়ো হলে তাদের চলে যেতে বলা হয়েছে।দুপচাঁচিয়া (বগুড়া): দুপচাঁচিয়ায় উনাহত সিংড়া উচ্চবিদ্যালয়ের মাঠে বিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল বিকেলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেয়। একই সময়ে ওই বিদ্যালয় মাঠে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার কর্মসূচি ঘোষণা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার বিকেল তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। মঠবাড়িয়া (পিরোজপুর): মঠবাড়িয়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে শোভাযাত্রা বের করলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের লাঠিপেটায় ছাত্রদলের অন্তত ছয়জন কর্মী আহত হন। নবাবগঞ্জ (ঢাকা): প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, দোহার উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্মৃতিসৌধে ফুল দিতে যান। সেখানে আগের দ্বন্দ্বের জের ধরে উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাহিদের অনুসারীদের সঙ্গে দোহার উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহামেঞ্চদের অনুসারীদের সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া বেলা ১১টার দিকে নবাবগঞ্জ পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মোয়াজ্জেম হোসেন এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আবু আশফাকের অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির নেতা টি আই এম ফজলে রাব্বী প্রতিনিধির মাধ্যমে সঞ্চৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করলে ক্ষুব্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা তা ভেঙে ফেলেন। সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান অভিযোগ করেন, গত চার বছরে এই সাংসদ কোনো জাতীয় দিবসে নিজে শ্রদ্ধাঞ্জলি দেননি। এ জন্যই এই পরিস্থিতির সৃষ্টি হয়।