সরিষাবাড়ীতে আ.লীগের কার্যালয়ে আগুন, অভিযোগ বিএনপির বিরুদ্ধে
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল মঙ্গলবার রাতে আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীরা গতকাল রাত ১০টার দিকে কার্যালয়ে প্রথমে ভাঙচুর চালায় এবং পরে আগুন ধরিয়ে দেয়। তবে বিএনপি এ অভিযোগ অস্বীকার করেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান মিলনকে উপজেলা আওয়ামী লীগের কয়েকজন কর্মী মারধর করে। এর প্রতিবাদে স্থানীয় বিএনপি তাত্ক্ষণিক মিছিল বের করে। আওয়ামী লীগও পাল্টা মিছিল করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হয়।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন অভিযোগ করেন, ‘সংঘর্ষের একপর্যায়ে বিএনপি নেতা-কর্মীরা প্রথমে আমাদের দলীয় কার্যালয় ভাঙচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেয়। তবে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার এ অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের দলীয় কর্মীরা আওয়ামী লীগের ভাঙচুরের সঙ্গে জড়িত নয়।’কার্যালয় পোড়ানোর ঘটনায় উপজেলা বিএনপি নেতা-কর্মীদের আসামি করে থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছে আওয়ামী লীগ।উপজেলা দমকল বাহিনীর সেকশন কর্মকর্তা আতিকুর রহমান জানান, দমকল বাহিনী দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম কামরুল আহসান বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে। এ ব্যাপারে থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে।