সরিষাবাড়ীতে চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, পুলিশসহ আহত ২০
সরিষাবাড়ীর ভাটারা ইউনিয়নে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় চারজন পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তার মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এখন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।বিএনপিসমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী হারুন-উর রশিদ জানান, গতকাল রাতে তাঁর সমর্থকেরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগসমর্থিত প্রার্থী বোরহানউদ্দিনের সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ বাধা দিতে এলে তাঁরা তাদের ওপরও হামলা চালায়।তবে বোরহানউদ্দিন এ হামলার ঘটনা অস্বীকার করেছেন।সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কামরুল আহসান বলেন, ‘রাতের অন্ধকারে কে বা কারা হামলা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ কর্মকর্তার একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’