সরিষাবাড়ীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ২
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, হরিপুর গ্রামের বাসিন্দা মো. ইসমাইল হোসেন ও মো. পারভেজের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমাসংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরেই আজ মঙ্গলবার পারভেজের পক্ষের লোকজন ধান কাটতে গেলে ইসমাইলের লোকজন বাধা দেয়।এ নিয়ে সকাল ১০টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ঘটনাস্থল থেকে বেলাল হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন এবং তাঁর কাছ থেকে চারটি দেশি পাইপগান ও চারটি গুলি উদ্ধার করেন।এই সংঘর্ষ চলাকালে হরিপুর গ্রামের আজাহারুল ইসলাম ও চান মিয়া আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।