সরু চাল ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে, আলু ও চিনি স্থিতিশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটা চালের দাম স্থিতিশীল পর্যায়ে থাকলেও বাজারে সরু (নাজিরশাইল বা মিনিকেট) ও মাঝারি মানের (পাইজাম বা লতা) চালের দাম কিছু বেড়েছে।এক সপ্তাহের ব্যবধানে কেজিতে এক থেকে দুই টাকা করে বেড়ে গেছে নাজিরশাইল ও পাইজাম চালের দাম। এক কেজি ভালো মানের নাজিরশাইল চাল কিনতে ক্রেতাকে এখন গুনতে হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা; আর সাধারণ মানের নাজিরশাইলের দর ৩৬ থেকে ৪০ টাকা।তবে বাজারে মোটা চালের দাম এখন স্থিতিশীল পর্যায়ে। খোলাবাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রমের কারণে মোটা চালের দাম বাড়ছে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। স্বর্ণা বা চায়না ইরি নামে পরিচিত মোটা চালের দাম এক মাস আগে যা ছিল, গতকাল শনিবারও সেই দাম অর্থাত্ ২৬ থেকে ২৮ টাকা কেজি দরেই বিক্রি হয়েছে। ঠিক এক বছর আগে ২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি বাজারে মোটা চালের দর ছিল ২৫ থেকে ২৬ টাকা।বাজারে সাধারণ মানের পাইজামের কেজি ৩৩ থেকে ৩৫ টাকা এবং উত্তম মানের পাইজাম ৩৫ থেকে ৩৭ টাকা। এক সপ্তাহ আগেও এ দুই ধরনের চালেই কেজিতে এক টাকা করে কম ছিল।এর মধ্যেও স্বস্তিদায়ক সংবাদ হচ্ছে চিনি, ডিম, ভোজ্যতেল, আটা, আলু, গরুর মাংস, দেশি মুরগি, গুঁড়া দুধ, পেঁয়াজ, শুকনা মরিচ, আদা ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে কোনো হেরফের হয়নি। রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুলসহ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।ব্রয়লার মুরগির দামও কেজিতে পাঁচ টাকা বেড়েছে। এক সপ্তাহ আগে ১২৫ থেকে ১৩০ টাকা কেজির ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৩৫ টাকার মধ্যে। আর মসলার মধ্যে রসুনের দাম কেজিতে ১৫ টাকা আর হলুদের দাম বেড়েছে পাঁচ টাকা।কারওয়ান বাজারের মাহমুদ জেনারেল স্টোরের স্বত্বাধিকারী মাসুদ মিয়া প্রথম আলোকে জানান, চিকন চালের দরটা বাড়তির দিকে। পাইকারেরা বাড়িয়ে দিয়েছেন বলে খুচরা বাজারেও কেজিতে এক টাকা করে বাড়িয়েছেন তাঁরা। আর পাইকারেরা তাঁদের বলছেন, মিল-মালিকেরা চিকন চালের দাম মণে ২০ থেকে ৩০ টাকা করে বাড়িয়ে দিয়েছেন।কারওয়ান বাজারে সাপ্তাহিক বাজার করতে আসা বাণিজ্য মন্ত্রণালয়ের একজন উপসচিব নাম না প্রকাশের শর্তে জানান, ‘তত্ত্বাবধায়ক সরকারের সময় বিশ্বব্যাপী চালের উত্পাদন কম হয়েছিল। নিজেদের প্রয়োজনেই তখন রপ্তানি বন্ধ রেখেছিল রপ্তানিকারক দেশগুলো। এ ছাড়া ছিল ঘূর্ণিঝড় সিডরের কারণে আশানুরূপ দেশীয় উত্পাদন না হওয়া। তখনো উন্নতমানের নাজিরশাইল চাল কিনতে হয়েছিল ৪৫ টাকা কেজি দরে; আর আজও কিনলাম ৪৫ টাকা কেজি দরে।’যোগাযোগ করলে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান মো. খলিলুর রহমান প্রথম আলোকে জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে টিসিবির পক্ষ থেকে বড় ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাগিদ এসেছে একাধিকবার। টিসিবি শিগগিরই এ ব্যাপারে একটি কৌশলপত্র তৈরি করে মন্ত্রণালয়ে জমা দেবে।