সরু রাস্তা যদি বড় হতো...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানজট প্রসঙ্গ নিয়ে প্রশ্ন তুলতেই দীর্ঘশ্বাস ছাড়েন আম্বরখানা বড়বাজার এলাকার বাসিন্দা আকমল হোসেন। বলেন, ‘জানেন শুধু নগরের সরু রাস্তাগুলো একটু প্রশস্ত করলেই যানজট সমস্যার অর্ধেক দূর হয়ে যেত। দিন দিন নগরে লোকসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে রিকশা ও গাড়ির সংখ্যা বাড়ছে। কিন্তু সে হারে রাস্তাঘাট বাড়ছে না। আর রাস্তাঘাট বাড়া তো দূরের কথা, যেগুলো আছে সেগুলো প্রশস্ত পর্যন্ত করা হচ্ছে না।’নগরের অলিগলির সরু রাস্তায় ঘুরে দেখা গেছে, নগরের দাড়িয়াপাড়া, জামতলা, লামাপাড়া, শাপলাবাগ, সেনপাড়া, শেখঘাট, বড়বাজার, পীরমহল্লা, দরগাগেট, বাগবাড়ি, ভাতালিয়া, লোহারপাড়, সোনারপাড়া, রায়নগর, ঝরনারপার, কুমারপাড়া, দর্জিপাড়া, যতরপুরসহ বিভিন্ন মহল্লায় নিয়মিত যানজট লেগে থাকে। এসব এলাকার সরু রাস্তাগুলো যানজটের প্রধান কারণ বলে এলাকাবাসী জানিয়েছেন।সিলেট সিটি করপোরেশনের প্রকৌশল দপ্তরের দেওয়া তথ্যমতে, নগরের ৫৬৭ কিলোমিটারের মধ্যে ২৩৫ কিলোমিটার পর্যন্ত অলিগলি দিয়ে রাস্তা বিস্তৃত। তবে বাস্তবে এ হিসাব আরও বেশি বলে নগরবাসী ও ওয়ার্ড কাউন্সিলররা জানিয়েছেন। এ রাস্তাগুলোর সবগুলোই অপ্রশস্ত ও ছোট হওয়ায় দুটি গাড়িও পাশাপাশি যেতে পারে না। দুটি গাড়ি মুখোমুখি হলে তো যানজট লাগবেই। রাস্তাগুলোতে একবার যানজট লাগলে তা ছুটতে ঘণ্টাখানেক লেগে যায়।