সরে এলেন মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দলীয় সরকারের রূপরেখা নিয়ে তাঁর দেওয়া আগের বক্তব্য থেকে সরে এলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেছিলেন, নির্দলীয় সরকারের একটি রূপরেখা তৈরি করছে তাঁর দল। মওদুদ আহমদের ওই বক্তব্যের পর দলীয় অবস্থানের ব্যাখ্যা দিতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, মওদুদ আহমদের বক্তব্য দলীয় নয়, ব্যক্তিগত।আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মওদুদ আহমদ বলেন, ‘নির্দলীয় সরকারের রূপরেখার কথা বলে আন্দোলন অন্য দিকে নিতে চায় না বিএনপি। ক্ষমতাসীন সরকার নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সম্মত না হওয়া পর্যন্ত বিএনপি লাগাতার আন্দোলন চালিয়ে যাবে।’বিএনপির এই নেতার ভাষায়, রূপরেখা দেওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি এমন কৌশল অবলম্বন করবে যাতে আন্দোলন অব্যাহতভাবে চালানো যায়। নির্দলীয় সরকারের রূপরেখা তৈরি করছে তাঁর দল—তাঁর এ বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মওদুদ আহমদ বলেন, ‘আমি বলেছিলাম যে, এ বিষয়ে চিন্তাভাবনা চলছে। এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।’ আজকের গোলটেবিল আলোচনায় সরকারকে অক্ষম ও অপরিপক্ব আখ্যা দিয়ে মওদুদ আহমদ বলেন, ‘যে বিশ্বব্যাংকের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করেছিল, এখন সেই বিশ্বব্যাংকের কাছেই তারা আবার হাত পাতছে। বিশ্বব্যাংকের সহায়তার জন্য এখন শুধু পায়ে ধরা বাকি। এটি সরকারের অপরিপক্বতার বড় প্রমাণ।’সরকার ইচ্ছা করে একের পর এক সংকট সৃষ্টি করছে—এমন অভিযোগ করে মওদুদ আহমদ বলেন, মানুষকে বোকা ভাবা ঠিক নয়। সময়মতো পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে। ব্যালট বাক্সে এর প্রতিফলন হবে। নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হবে বলেও তিনি মন্তব্য করেন।স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন ‘চলমান রাজনৈতিক সংকট নিরসনে সরকারের ভূমিকা এবং জনগণের প্রত্যাশা’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে। এতে সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার, আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।