সরে গেল এডিবিও, জাইকা সিদ্ধান্ত জানাবে
বিশ্বব্যাংকের পদ্মা সেতু প্রকল্প থেকে ঋণ-সহায়তা প্রত্যাহার করে নিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ প্রকল্পের আরেক উন্নয়ন সহযোগী জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) জাপান সরকারের সঙ্গে আলোচনার পর অর্থায়নের ব্যাপারে তাদের সিদ্ধান্তের কথা জানাবে।আজ সোমবার এডিবি ও জাইকা পৃথক বিবৃতিতে এ কথা জানিয়েছে।সরে গেল এডিবি: এডিবির বিবৃতিতে বলা হয়, বিশ্বব্যাংক যেসব কারণে ঋণ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে, তা বুঝতে পেরেছে এডিবি। এ সিদ্ধান্তকে তারা সম্মান করে। বিশ্বব্যাংক ও এডিবি একই নীতি, নিয়ম ও কর্মপদ্ধতি অনুসরণ করে।এডিবির দুঃখ এই যে দেশ ও আঞ্চলিক বিবেচনায় পদ্মা সেতুর বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও উভয় পক্ষ কাজ করার মতো কার্যকর একটি সমঝোতায় পৌঁছাতে পারেনি। বিশ্বব্যাংক যে পদ্মা সেতু থেকে ঋণ-সহায়তা প্রত্যাহার করে নিচ্ছে, সে বিষয়টি আগেই এডিবিকে জানিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।পদ্মা সেতু প্রকল্পকে বাংলাদেশ ও এর দক্ষিণাঞ্চলের জন্য ‘যুগান্তকারী প্রকল্প’ উল্লেখ করে এডিবি বলেছে, বিশ্বব্যাংক এই প্রকল্পে সবচেয়ে বড় অর্থ জোগানদাতা। সংস্থাটির সঙ্গে কাজ করছে এডিবি, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি)।এডিবির দাবি, বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে এডিবির দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। সংস্থাটি দীর্ঘমেয়াদি প্রয়োজনীয় উন্নয়নের ব্যাপারে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।সিদ্ধান্ত নেবে জাইকা: জাপান সরকারের সঙ্গে আলোচনার পর পদ্মা সেতুতে অর্থায়নের ব্যাপারে সিদ্ধান্ত নেবে জাইকা। বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণ-সহায়তা বাতিলের দুই দিন পর জাইকা আজ আনুষ্ঠানিক বিবৃতি দিল।বিবৃতিতে জাইকা বলেছে, প্রকল্পটি নিয়ে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে নানামুখী উদ্যোগের পরও বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা দুঃখজনক। পদ্মা সেতুতে অন্যান্য অর্থদাতা প্রতিষ্ঠানের অবস্থানের বিষয়টি তুলে ধরে জাপান সরকারের সঙ্গে আলোচনার পর জাইকা তাদের অবস্থান জানাবে। জাইকা পদ্মা সেতুতে ৪০ কোটি ডলার আর্থিক সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছিল।