সরে গেলেন সুসান রাইস
ওবামা প্রশাসনের দ্বিতীয় মেয়াদে পররাষ্ট্র মন্ত্রী হওয়ার প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইস। গতকাল বৃহস্পতিবার, প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পাঠানো এক চিঠিতে প্রার্থিতা প্রত্যাহারের কথা জানান তিনি। আজ শুক্রবার বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।প্রার্থিতা প্রত্যাহারের কারণ হিসেবে রিপাবলিকান দলের সমালোচনার কথা উল্লেখ করেন রাইস। ইসলামবিরোধী চলচ্চিত্রের প্রতিবাদে চলতি বছর ১১ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজিতে মার্কিন উপদূতাবাসে হামলায় রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ চারজন মার্কিন নিহত হন। এ ঘটনার পর এক টেলিভিশন সাক্ষাত্কারে রাইস বলেন, বিক্ষোভকারীদের হামলায় ওই চারজন নিহত হয়েছেন। পরে তদন্তে জোনা যায় আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন ওই হামলা চালিয়েছে। এ ঘটনায় রাইসের বক্তব্যের তীব্র সমালোচনা করে রিপাবলিকান দল।চিঠিতে রাইস বলেন, পররাষ্ট্রমন্ত্রীর পদে প্রার্থী হিসেবে তাঁকে বিবেচনা করা হলে তিনি সম্মানিত বোধ করতেন। এ দায়িত্ব পালন করার মতো সামর্থ্য ও যোগ্যতাও তাঁর রয়েছে। তবে তা নিশ্চিত করা প্রক্রিয়া হবে দীর্ঘ ও ঝামেলাপূর্ণ। এজন্য মূল্যও দিতে হবে। আগামী বছর জানুয়ারি মাসে পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেবেন হিলারি ক্লিনটন। আরেক দফা পররাষ্ট্র মন্ত্রী হিসেবে তিনি থাকতে চান না বলে জানিয়েছেন তিনি। সুসান রাইস সরে দাঁড়ানোর পর এবার পররাষ্ট্র মন্ত্রীর পদে ম্যাসাচুসেটসের সিনেটর জন কেরিকে বিবেচনা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।