সরে দাঁড়াচ্ছেন শফিকুল, অনড় জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী করার আশ্বাস দিয়ে রাজশাহী সিটি করপোরেশনের একাধিক মেয়র পদপ্রার্থী সমস্যার সমাধান করতে যাচ্ছে বিএনপি। তবে সংসদের একই আসনের দাবিদার জামায়াতে ইসলামী আশ্বাস না পেয়ে এখনো মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্তে অনড় রয়েছে।বিএনপির রাজশাহীর নেতারা জানান, রাজশাহী সিটি করপোরেশনে টানা ১৬ বছর মেয়র ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু। ২০০৮ সালে কারাগারে থাকায় তিনি নির্বাচন করতে পারেননি। সেবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন দলের সিদ্ধান্ত ছাড়াই নির্বাচন করে আওয়ামী লীগের এইচ এম খায়রুজ্জামানের কাছে ২৪ হাজার ভোটে হারেন। এবারও তিনি প্রার্থী হয়েছেন। দলের অধিকাংশ নেতা-কর্মীও তাঁর পক্ষে কাজ করছেন। বিএনপি-সমর্থক বুদ্ধিজীবীরা সম্মিলিত নাগরিক ফোরাম গঠন করে তাঁকে সমর্থনও দিয়েছেন।মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হকও এবার মেয়র প্রার্থী হওয়ায় দলের নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত। এই সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বিএনপির নেতা-কর্মীরা বলছেন, শফিকুল হকও বাস্তবতা বোঝেন। ইতিমধ্যে কেন্দ্র থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করে তাঁকে নির্বাচন না করতে বলা হয়েছে। বিনিময়ে তাঁকে রাজশাহী-৩ আসনে মনোনয়ন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।শফিকুল হক গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্র থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমাকে রাজশাহী-৩ আসনে মনোনয়ন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আমিও বিষয়টি মেনে নিয়েছি। ২৬ মে মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে আনুষ্ঠানিকভাবে আমি সিদ্ধান্ত জানাব।’মোসাদ্দেক হোসেন বলেন, ‘আশা করি শেষ পর্যন্ত দ্বন্দ্ব থাকবে না।’ জামায়াতের প্রার্থীর বিষয়ে তিনি বলেন, ‘কেন্দ্র থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’২০০৮ সালের নির্বাচনে জামায়াতের প্রার্থী না থাকলেও এবার মেয়র পদে প্রার্থী করা হয়েছে মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীরকে। এ নিয়ে বিএনপির নেতা-কর্মীরা ক্ষুব্ধ। তবে জামায়াতের নেতা-কর্মীরা বলছেন, বিগত সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি আসনের একটি জামায়াত দাবি করলেও বিএনপি দেয়নি। এর পরও রাজশাহী-৩ আসনে নির্বাচন করেন জামায়াতের প্রার্থী আতাউর রহমান। এ কারণে ওই আসনে বিএনপির প্রার্থী কবির হোসেন আওয়ামী লীগের প্রার্থীর কাছে শোচনীয়ভাবে হারেন। জামায়াত আগামী সংসদ নির্বাচনেও রাজশাহী-৩ আসন চায়। এর জন্য চাপ সৃষ্টি করতেই মেয়র পদে প্রার্থী দিয়েছে।মেয়র পদপ্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে। মহানগর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি আবু মুহাম্মদ সেলিম বলেন, ‘আমরা নির্বাচন করব বলেই প্রার্থী দিয়েছি। কেন্দ্র থেকে আমাদের এখনো কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।’প্রার্থী নিয়ে বিএনপি-জামায়াতের এই টানাপোড়েন থাকলেও সুবিধাজনক অবস্থায় আছেন নাগরিক কমিটির প্রার্থী আওয়ামী লীগের এইচ এম খায়রুজ্জামান। আওয়ামী লীগ বা মহাজোটের অন্য কোনো প্রার্থী নেই। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ১৪ দলের সব নেতা-কর্মীই একসঙ্গে কাজ করছেন।