সর্বকালের সর্বোচ্চ দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে সর্বকালের সর্বোচ্চ দরপতন ঘটেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার সাধারণ মূল্যসূচক প্রায় ৫৫২ পয়েন্ট বা ৬ দশমিক ৭২ শতাংশ কমেছে। দেশের পুঁজিবাজারের ইতিহাসে এক দিনে এত বেশি সূচক পতনের ঘটনা এটাই প্রথম। এর আগে ১৯৯৬ সালের ৫ নভেম্বর শেয়ার কেলেঙ্কারির সময় সর্বোচ্চ ২৩৩ পয়েন্ট বা ৬ শতাংশের মতো সূচক কমেছিল। এই হিসেবে গতকালের সূচক পতনের ধারা ওই ঘটনাকেও হার মানিয়েছে। ভয়াবহ এ দরপতনে আতঙ্কিত হয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীরা রাজধানীসহ দেশের প্রধান প্রধান বিভাগীয় শহরে ব্যাপক বিক্ষোভ করেছেন। পরিস্থিতি সামাল দিতে খুলনায় প্রায় দুই ঘণ্টা লেনদেন বন্ধ রাখতে হয়। তবে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে ডিএসইর কার্যালয়ের সামনে। বিনিয়োগকারীরা ডিএসইর সামনে শাপলা চত্বর থেকে মতিঝিল সড়কটি দীর্ঘক্ষণ অবরোধ করে রাখেন। এ সময় তাঁরা বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও ডিএসইর বিরুদ্ধে স্লোগান দেন। বাজারের এ অস্বাভাবিক পতনে চিন্তিত এসইসির কর্মকর্তারা গতকাল দফায় দফায় বৈঠকে বসেন। এসব বৈঠকে ঋণসুবিধা বাড়ানোসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয় সংস্থাটি।ঋণসুবিধা বাড়ল: এসইসির প্রথম দফার বৈঠকে দুপুর ১২টার দিকে ব্রোকারেজ হাউসের প্রতিদিনের লেনদেনের ওপর নিরাপত্তা জামানতের হার (মেম্বারস মার্জিন) বাড়ানোর সিদ্ধান্তটি প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু এতেও কাজ না হওয়ায় বিকেলে শেয়ারের বিনিয়োগের বিপরীতে ঋণসুবিধা বাড়িয়ে ১:১.৫ করার সিদ্ধান্ত নেয় এসইসি। একই সঙ্গে ঋণ দেওয়ার ক্ষেত্রে কোম্পানির প্রকৃত সম্পদমূল্য (এনএভি) বিবেচনায় নেওয়ার বাধ্যবাধকতাও স্থগিত করা হয়। এই বাধ্যবাধকতার কারণে এর আগে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো শেয়ারের বাজারমূল্যের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানির এনএভি যোগ করে দুই দিয়ে ভাগ করে যে ফলাফল পাওয়া যায়, তার সমানুপাতিক (১:১) হারে ঋণ দিতে পারত। কিন্তু এখন থেকে ব্রোকারেজ ও মার্চেন্ট ব্যাংকগুলো চাইলে তাদের গ্রাহকদের এক লাখ টাকার বিপরীতে দেড় লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে। এ ছাড়া বিকেলের বৈঠকে তালিকাভুক্ত দুই কোম্পানি—গ্রামীণফোন লিমিটেড ও ম্যারিকো বাংলাদেশের শেয়ার নগদ লেনদেনের বাজার (স্পট মার্কেট) থেকে নিয়মিত বাজারে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আনোয়ারুল কবীর ভূঁইয়া সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, শেয়ারবাজারে দরপতন ঠেকাতে এসইসির বাজার পর্যালোচনা কমিটি সকালে একবার বৈঠকে বসে। সে সময় একটি সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে বাজার বেশি পড়ে গেলে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে ঋণসুবিধা বাড়ানোসহ অন্য সিদ্ধান্তগুলো নেয় এসইসি। আনোয়ারুল কবীর বলেন, সিদ্ধান্তগুলো আজ সোমবার থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। জানা গেছে, সকালের বৈঠকেই এসইসির সিংহভাগ কর্মকর্তা ঋণ দেওয়ার সময় এনএভি সূত্র মেনে চলার বাধ্যবাধকতা তুলে দেওয়ার পক্ষে মত দিয়েছিলেন। কিন্তু সংস্থাটির একজন সদস্যের তীব্র বিরোধিতার কারণে ওই বৈঠকে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। এসইসির অনেকে মনে করেন, সকালের বৈঠকে সিদ্ধান্তটি প্রত্যাহারের খবর বাজারে দিতে পারলে কিছুটা হলেও পতন ঠেকানো সম্ভব হতো। বিশ্লেষকেরা যা বলেন: বাজারের এ পতনকে বিশ্লেষকেরা দেখছেন মুদ্রাবাজারের অস্থিরতার প্রভাব হিসেবে। তাঁদের মতে, কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর বিধিবদ্ধ জমার হার এবং এর নগদ অংশ বাড়ানোয় মুদ্রা বাজারে নগদ অর্থের ঘাটতি দেখা দিয়েছে। অনেক ক্ষেত্রে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করা শেয়ার বিক্রি করে বাজার থেকে টাকা তুলে নিচ্ছে। এ ছাড়া ব্যাংকের ওপর ছিল পুঁজিবাজারে অতিরিক্ত ও বেআইনি বিনিয়োগ সমন্বয়ের চাপ। সব মিলিয়ে কয়েক দিন ধরে বাজারে শেয়ার বিক্রির চাপ ছিল বেশি। এ কারণেই কয়েক দিন ধরে সূচক ছিল পতনমুখী। গতকালও এ ধারা বজায় থাকলে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েন। এতে বাজার আরও বেশি গতিতে পড়তে থাকে। যোগাযোগ করা হলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ও এসইসির সাবেক চেয়ারম্যান এ বি মির্জ্জা আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা অনেক আগে থেকেই বলে আসছিলাম বাজারে যে জায়গায় চলে গেছে তাতে মূল্য সংশোধন অনিবার্য। বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপে সৃষ্ট তারল্য ঘাটতি সেই ঘটনাকেই ত্বরান্বিত করেছে। তা ছাড়া ডিসেম্বর মাসে ঐতিহাসিকভাবেই শেয়ার বিক্রির চাপ থাকে বেশি। কারণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এ সময় বার্ষিক হিসাব সমন্বয় করার জন্য শেয়ার বিক্রি করে থাকে।’মির্জ্জা আজিজের মতে, সূচক বেশি পড়লেও ’৯৬-এর মতো কিছু ঘটার আশঙ্কা নেই। ওই সূচক তিন হাজার ৬০০ থেকে কমতে কমতে ৪৫০ পয়েন্টে এসে নেমেছিল। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সংখ্যা বেশি হওয়ায় এখন একটি পর্যায়ে এসে বাজার স্থিতিশীল হবে। তবে এ স্থিতিশীলতা একটু নিচের দিকে হওয়াই ভালো।মির্জ্জা আজিজ আরও বলেন, বাজার পড়ে গেলেই এসইসিকে ঠেলে ওঠাতে হবে—এটা ঠিক না। এসইসির কাজ হলো লেনদেনে কোথাও কোনো কারসাজি হচ্ছে কি না তা খুঁজে বেরা করা। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ও আইডিএলসি ফাইন্যান্সের উপব্যবস্থাপনা পরিচালক আরিফ খান বলেন, এসইসির সিদ্ধান্ত বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সহায়ক হবে। কিন্তু তারল্য ঘাটতির কারণে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো তা কার্যকর করতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারসাজির অভিযোগ: বিনিয়োগকারীদের অনেকেই অভিযোগ করেছেন, কয়েক দিন ধরেই বড় বড় ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক থেকে অনেককে শেয়ার বিক্রির জন্য প্রলুব্ধ করা হয়েছে। এমনকি অনেক ব্রোকারেজ হাউসে শেয়ার কিনতে দেওয়া হয়নি। বলা হয়েছে, বাজার পড়ে গেলে কম দামে আবার কিনে দেওয়া হবে। সদস্য মার্জিন প্রত্যাহারসহ বেশ কয়েকটি ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থাকে চাপে ফেলতেই এটা করা হয়েছে। বিনিয়োগকারীদের দাবি, এসইসির উচিত কারা এটা করেছে, তা খুঁজে বের করা। যেখান থেকে বেশি বিক্রি: এসইসি ও ডিএসইর সার্ভিল্যান্স বিভাগের তথ্য অনুযায়ী গতকালও বাজারে শেয়ার বিক্রির শীর্ষে ছিল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। ডিএসইতে বিক্রি হওয়া শেয়ারের মধ্যে ৫৫ শতাংশই এসেছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দিক থেকে। এর মধ্যে শীর্ষে থাকা পাঁচ প্রতিষ্ঠান হলো রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), লংকাবাংলা, প্রাইম ফাইন্যান্স, বিএলআই সিকিউরিটিজ ও এবি ব্যাংক। ডিএসইর তথ্য অনুযায়ী, গতকাল ঢাকার বাজারে বিক্রি হওয়া শেয়ারের মধ্যে ৮ শতাংশই ছিল এসব প্রতিষ্ঠানের। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিক্রি করা শেয়ারের ২০ শতাংশই ছিল এদের। তবে এবি ব্যাংক ও লংকাবাংলা শেষ দিকে ক্রেতার ভূমিকায় অবতীর্ণ হয়। আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্সের প্রকৃত ক্রয়ের পরিমাণ ছিল বেশি। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিক্রির চাপে যেমন সূচক কমেছে, তেমনি বেশির ভাগ ক্ষেত্রে দরপতনের সুবিধাও নিয়েছে তারা। গতকাল বিক্রি হওয়া শেয়ারের ৫৪ শতাংশই কিনেছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। এর মধ্যে ১২ শতাংশেরও বেশি শেয়ার কিনেছে উল্লিখিত চার প্রতিষ্ঠান।বাজার পরিস্থিতি: দুই স্টক এক্সচেঞ্জে গতকাল লেনদেনের শুরু থেকেই সূচক কমতে শুরু করে। এরপর সময় যত বেড়েছে সূচক তত পড়েছে। দিন শেষ ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে কমে হয়েছে সাত হাজার ৬৫৪ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক এক হাজার ৩৮৩ পয়েন্ট কমে ২১ হাজার ৭৪৯ পয়েন্টে নেমে আসে। তবে দুই স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেশ কিছুটা বেড়েছে। ডিএসইতে গতকাল ২৪৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩৬টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র পাঁচটির। অপরিবর্তিত ছিল দুটি কোম্পানির শেয়ারের দাম। আর সিএসইতে লেনদেন হওয়া ১৮৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র চারটির এবং কমেছে ১৭৯টির। বিনিয়োগকারীদের বিক্ষোভ: প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ডিএসইতে লেনদেন শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে সাধারণ সূচক ৩০০ পয়েন্টেরও বেশি কমে যায়। এতে আতঙ্কিত হয়ে বিনিয়োগকারীরা দুপুর ১২টার দিকে রাস্তায় নেমে আসেন। তাঁরা টায়ার জ্বালিয়ে ডিএসইর সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এ সময় ইত্তেফাক মোড় থেকে শাপলা চত্বর পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা একটার দিকে রাস্তা থেকে বিনিয়োগকারীদের সরিয়ে দিতে ধাওয়া করে পুলিশ। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। বিনিয়োগকারীদের নিক্ষেপ করা ইটের আঘাতে কর্তব্যরত কালেরকণ্ঠ পত্রিকার আলোকচিত্র সাংবাদিক খোরশেদ আলম আহত হন। একপর্যায়ে শাপলা চত্বরের কাছে একটি বাসও ভাঙচুর করেন ক্ষুব্ধ বিনিয়োগকারীরা। পরে বেলা দুইটার দিকে বিনিয়োগকারীদের একটি মিছিল দিলকুশায় এসইসির কার্যালয়ে যায় এবং সেখানে এসইসির কর্মকর্তাদের সঙ্গে দেখা করে তাঁদের দাবি-দাওয়া তুলে ধরেন। এ সুযোগে পুলিশ ডিএসইর সামনের রাস্তাটির নিয়ন্ত্রণ নিলে যান চলাচল স্বাভাবিক হয়। পরে বিনিয়োগকারীদের আরও একটি মিছিল যায় এসইসিতে। আজ সোমবার সকাল ১০টায় শেয়ারবাজারের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসবে এসইসি।