সর্বকালের সেরা ‘সুতনুকা’ মনরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের পর্দা কাঁপানো আবেদনময়ী অভিনেত্রী মেরিলিন মনরো পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন সেই ১৯৬২ সালে। কিন্তু আজও অসংখ্য ভক্তের হূদয়-ঈশ্বরী হয়ে আছেন তাঁর মোহনীয় রূপ, লাবণ্য আর অভিনয় প্রতিভার গুণে। মৃত্যুর প্রায় অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও, তাঁর জনপ্রিয়তায় আজও যে এতটুকু ভাটা পড়েনি, সম্প্রতি তারই প্রমাণ মিলল। কিম কার্দাশিয়ান, হেলেন মিরেন, স্কারলেট জোহানসন, বিওন্সি নোলস, রিয়ান্না, শ্যারন স্টোন এবং জেনিফার অ্যানিস্টনের মতো জনপ্রিয় তারকাদের পেছনে ফেলে সর্বকালের সেরা ‘বিচ বডি’র খেতাব জিতে নিয়েছেন মনরো।সম্প্রতি ডেবহ্যামস পরিচালিত এক জরিপে সর্বকালের সেরা ‘বিচ বডি’ তারকাদের তালিকায় শীর্ষস্থান অর্জন করেছেন মনরো। তালিকায় পরের অবস্থানে রয়েছেন যথাক্রমে ক্রিস্টিনা হেনড্রিক্স, উরশুলা অ্যান্ড্রেস, কিম কার্দাশিয়ান, তুলিসা কন্টোস্ট্যাভলস, র্যাকুয়েল ওয়েলচ, হেলেন মিরেন, স্কারলেট জোহানসন, এমি চাইল্ডস ও লুসি মেকলেনবার্গ। এ ছাড়া তালিকায় সেরা বিশের মধ্যে রয়েছেন কেলি ব্রুক, বিওন্সি নোলস, টায়রা ব্যাঙ্কস, ব্রুক শিল্ডস, রিয়ান্না, শ্যারন স্টোন, জেনিফার অ্যানিস্টন প্রমুখ। ১৯২৬ সালে নোরমা জিন মরটেনসন বা নোরমা জিন বেকার ওরফে মেরিলিন মনরো জন্মগ্রহণ করেছিলেন লস অ্যাঞ্জেলেসে। প্রতিষ্ঠা আর খ্যাতির সিঁড়িতে ওঠার দীর্ঘদিনের সংগ্রাম শেষে হতাশা ডিঙিয়ে শেষপর্যন্ত পরবর্তীতে নিজেকে সফল একজন অভিনেত্রী, গায়িকা এবং মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন মনরো। ‘দ্য ফায়ার বল, লাভ নেস্ট, দ্য সেভেন ইয়ার ইচ, দ্য প্রিন্স অ্যান্ড দ্য শোগার্ল, মেরিলিন’সহ তাঁর অভিনীত বহু চলচ্চিত্র বাণিজ্যিক সফলতা পেয়েছে। ১৯৬২ সালের ৫ আগস্ট ভোর চারটা ২৫ মিনিটে লস অ্যাঞ্জেলেস পুলিশকে মনরোর চিকিত্সক র্যালফ গ্রিনসন ফোনে জানিয়েছিলেন, মনরোকে তাঁর বাসায় মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর। ময়না তদন্তের ফলাফলে বলা হয়, মনরোর দেহে ৮ মিলিগ্রাম ক্লোরাল হাউড্রেট এবং ৪.৫ মিলিগ্রাম নেমবুটাল পাওয়া গেছে। সাধারণত স্নায়বিক উত্তেজনা প্রশমনের ওষুধে এই উপাদানগুলো থাকে। মনরোর মৃত্যুর কারণ হিসেবে ‘সম্ভাব্য আত্মহত্যা’ উল্লেখ করা হলেও, আজ পর্যন্ত অমীমাংসিতই রয়ে গেছে হলিউডের রহস্যময়ী এই সুন্দরীশ্রেষ্ঠার মৃত্যু রহস্য।