সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা থেকে বাংলাদেশ অনেক দূরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের স্বাস্থ্য অবকাঠামো তুলনামূলকভাবে ভালো হওয়া সত্ত্বেও সব মানুষ মানসম্মত চিকিৎসাসেবা নিতে পারছে না। বেসরকারি হাসপাতালের উচ্চ চিকিৎসাব্যয় এবং সরকারি হাসপাতালে জটিল ও দীর্ঘস্থায়ী রোগের বিনা মূল্যে চিকিৎসাপ্রাপ্তি কঠিন হয়ে পড়া এর কারণ মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, দরিদ্র-মধ্যবিত্ত-ধনী সব শ্রেণীর মানুষের জন্য ন্যূনতম মানসম্পন্ন সেবা দিতে হলে বাংলাদেশকে ‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা’ (ইউনিভার্সাল হেলথ কভারেজ) নিশ্চিত করতে হবে।তবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ধারণাটি নতুন। এ ব্যাপারে কোনো কর্মসূচি বা প্রকল্প বর্তমানে তাঁদের হাতে নেই। মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভবিষ্যতে পরীক্ষামূলক প্রকল্প হাতে নেওয়া হবে।বাংলাদেশের চর, হাওর, পার্বত্য ও উপকূলের কিছু এলাকা ছাড়া বর্তমানে প্রায় সব ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সরকারি হাসপাতাল রয়েছে। রাজধানীসহ দেশের বেশ কয়েকটি স্থানে রয়েছে বিশেষায়িত হাসপাতাল। এ ছাড়া সরকার গ্রামাঞ্চলে প্রতি ছয় হাজার মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক চালু করার উদ্যোগ নিয়েছে। এর বাইরে রয়েছে বেসরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল ও ক্লিনিক।জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর খায়রুল ইসলাম বলেন, ‘তাত্ত্বিকভাবে দেশের সব মানুষের জন্য স্বাস্থ্যসেবার ব্যবস্থা আছে। কিছুটা পথ পাড়ি দিলেই মানুষ সরকারি স্বাস্থ্যকেন্দ্র বা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে পৌঁছাতে পারে। কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে, সবাই এসব প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় সব সেবা নিতে পারে না। দরিদ্ররা ধনীদের মতো ব্যয়বহুল সেবা কিনতে পারছে না।’অর্থের অভাবে সেবা না পাওয়ার এই সমস্যা শুধু বাংলাদেশের নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, যুক্তরাষ্ট্রেও এই সমস্যা রয়েছে। অমর্ত্য সেন ও অন্যদের লেখা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘ক্লোজিং দ্য গ্যাপ ইন এ জেনারেশন: হেলথ ইকুইটি থ্রো অ্যাকশন অন দ্য সোশ্যাল ডিটারমিন্যান্টস অব হেলথ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বড় ধরনের স্বাস্থ্য সমস্যা মোকাবিলা করতে গিয়ে যুক্তরাষ্ট্রে প্রতি ৩০ সেকেন্ডে একজন মানুষ নিজেকে দেউলিয়া ঘোষণা করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এই অবস্থা থেকে উত্তরণের জন্য সর্বজনীন স্বাস্থ্যসেবার আওতা বাড়াতে হবে এবং স্বাস্থ্য খাতের অর্থায়ন ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে।সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কী: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১০ সালের স্বাস্থ্য প্রতিবেদনের প্রতিপাদ্য বিষয় করেছে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্য খাতে অর্থায়ন। সংস্থাটি বলছে, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার অর্থ হচ্ছে, সবার জন্য স্বাস্থ্যের উন্নতি, রোগ প্রতিরোধ, অসুস্থতায় চিকিৎসাসেবা এবং চিকিৎসা শেষে পুনর্বাসনের সুযোগ। এই সুযোগ হতে হবে সামর্থ্যের মধ্যে, যেন সুযোগের ক্ষেত্রে ন্যায়পরায়ণতা অর্জিত হয়। এ ক্ষেত্রে অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে, ‘চিকিৎসাব্যয় বহন করতে না পারার কারণে কারও মৃত্যু হবে না; অসুস্থ হওয়ার ঝুঁকিতে পড়ে কেউ আরও দরিদ্র হবে না।’বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বার্ষিক স্বাস্থ্যব্যয় মাথাপিছু কমপক্ষে ৩৪ মার্কিন ডলার হওয়া দরকার।জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কীভাবে স্বাস্থ্যসেবা দেওয়া হবে, সেবা প্রদানের ক্ষেত্রে অর্থায়ন কীভাবে হবে—এই বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও রকেফেলার ফাউন্ডেশনের সহযোগী পরিচালক আ. মোশতাক রাজা চৌধুরী বলেন, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সম্পদ কোনো সমস্যা নয়। ঘানা ও রুয়ান্ডার মতো দেশ এটা করতে পেরেছে। প্রতিবেশী ভারত করার চেষ্টা করছে। তিনি বলেন, এ জন্য দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার দরকার।বাংলাদেশের অবস্থান কোথায়: বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে, সব নাগরিককে স্বাস্থ্যসেবা দেওয়া রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। কিন্তু এই দায়িত্ব পালন করতে রাষ্ট্র আইনগতভাবে বাধ্য নয়।দেশে স্বাস্থ্য খাতে মাথাপিছু ব্যয় ১২ মার্কিন ডলার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে এই অর্থ অনেক কম। অন্যদিকে, স্বাস্থ্য অর্থনীতিবিদেরা বলছেন, অসুস্থতার চিকিৎসা করাতে গিয়ে দেশে প্রতিবছর পাঁচ লাখ ৭০ হাজার মানুষ দরিদ্র হয়ে পড়ে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রথম আলোকে বলেন, সরকার এই সমস্যা মোকাবিলায় অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা দেওয়ার পদক্ষেপ নেয় প্রায় এক দশক আগে। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক স্বাস্থ্যসেবা এ দেশের মানুষ বিনা মূল্যে পায়।খায়রুল ইসলাম বলেন, ‘অন্যের অভিজ্ঞতা পুঁজি করে আমাদের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে হবে।’ তিনি বলেন, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য কোনো দেশ স্বাস্থ্যবিমা চালু করছে, কোনো দেশ স্বাস্থ্য খাতে ভর্তুকি দিচ্ছে, কোনো দেশ সামাজিক নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলছে।এ ব্যাপারে স্বাস্থ্যসচিব মো. হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অনেক বড় বিষয়। বাংলাদেশের জন্য অর্থায়ন একটি বড় সমস্যা। তিনি বলেন, এই সুরক্ষা নিশ্চিত করতে সরকারের কোনো কর্মসূচি বা প্রকল্প নেই। তবে আগামী জুলাই মাস থেকে শুরু হওয়া স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টিবিষয়ক পরবর্তী কর্মসূচিতে এ বিষয়টি পরীক্ষামূলকভাবে চালু হবে।করণীয় সম্পর্কে মোশতাক চৌধুরী বলেন, দৃঢ় রাজনৈতিক অঙ্গীকারের পাশাপাশি ২০২০ সাল পর্যন্ত একটা রোডম্যাপ তৈরি করা দরকার। পরবর্তী স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি কর্মসূচিতে পরীক্ষামূলক প্রকল্পে অর্থ বরাদ্দ করতে হবে। সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে স্বাস্থ্যবিমার আওতায় আনা যায়। এ ছাড়া বড় এনজিওগুলো তাদের সেবাগ্রহীতাদের জন্য স্বাস্থ্যবিমা চালু করতে পারে।