সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই কার্যকর অর্থায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে বিশ্ব এখনো অনেক পিছিয়ে। স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য অর্থ ব্যয় করতে পারে না বলে বিশ্বজুড়ে লাখ লাখ দরিদ্র মানুষ সেবাবঞ্চিত হয়। যারা সেবা নিতে পারে, তাদেরও একটি অংশ আর্থিক চাপে পড়ে, আর একটি অংশ নিঃস্ব হয়ে যায়। সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশগুলোর এমন এক অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা দরকার, যার মাধ্যমে মানুষ সব ধরনের সেবা গ্রহণের সামর্থ্য অর্জন করতে পারবে।২০১০ সালের বিশ্ব স্বাস্থ্য প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হেলথ সিসটেম ফাইন্যান্সিং: দি পাথ টু ইউনিভার্সাল কভারেজ’ শীর্ষক এই প্রতিবেদন গত মাসে জেনেভা থেকে প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জনকল্যাণে এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন টেকসই করতে স্বাস্থ্যের উন্নতি দরকার।প্রতিবেদনটি বাংলাদেশের জন্য খুবই প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক জনকল্যাণমূলক প্রতিষ্ঠান রকেফেলার ফাউন্ডেশনের এশিয়া অঞ্চলের সহযোগী পরিচালক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আহমেদ মোশতাক রাজা চৌধুরী। প্রথম আলোকে তিনি বলেন, আর্থিক নিরাপত্তা সবার জন্য খুবই জরুরি। টাকার অভাবে কেউ যেন সেবাবঞ্চিত না হয়, তা এই প্রতিবেদনের অন্যতম কেন্দ্রীয় বিষয়।মোশতাক রাজা চৌধুরী আরও উল্লেখ করেন, প্রতিবেদনে বলা হয়েছে, অদক্ষতার কারণে ক্ষেত্রবিশেষে স্বাস্থ্য খাতের মোট ব্যয়ের ২০ থেকে ৪০ শতাংশই অপচয় হয়।স্বাস্থ্যসেবার মধ্যে স্বাস্থ্যের ক্রমোন্নতি, রোগ প্রতিরোধ, চিকিৎসার ব্যবস্থা ও কিছু ক্ষেত্রে আরোগ্য লাভের পর পুনর্বাসনের ব্যবস্থার বিষয়গুলো পড়ে উল্লেখ করে রকেফেলার ফাউন্ডেশনের এ কর্মকর্তা বলেন, ‘ঠিক সময়ে এসব সেবা পাওয়া খুবই জরুরি। স্বাস্থ্য অর্থায়নব্যবস্থা সক্রিয় থাকলেই কেবল তা পাওয়া সম্ভব। প্রয়োজনের সময় মানুষ স্বাস্থ্যসেবা কিনতে পারবে কি না, তা নির্ধারণ করে এই অর্থায়নব্যবস্থা।’মোশতাক রাজা চৌধুরী বলেন, সর্বজনীন স্বাস্থ্যসেবার জন্য অর্থ কোথা থেকে আসবে, দক্ষতার সঙ্গে অর্থ ব্যয়ের গুরুত্ব এবং মানুষ নিজের পকেট থেকে কী পরিমাণ খরচ করবে—এই বিষয়গুলো প্রতিবেদনে আলোচিত হয়েছে। তিনি বলেন, ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের জন্য নির্ধারিত সময় ২০১৫ সাল অতিক্রান্ত হওয়ার পর আমাদের স্বাস্থ্যসংশ্লিষ্ট এজেন্ডা কী হবে, দরিদ্র মানুষের স্বাস্থ্য কীভাবে রক্ষা পাবে এবং নতুন সম্পদের জন্য নিজেদের প্রস্তুত করার উপায় বের করতে এই প্রতিবেদন আমাদের সহায়তা করবে।’ প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, স্বাস্থ্য খাতে অর্থায়নের ক্ষেত্রে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে: স্বাস্থ্যসেবার জন্য পর্যাপ্ত অর্থ জোগাড় করা, সেবা গ্রহণ ও রোগের ঝুঁকি কমাতে আর্থিক বাধা দূর করা এবং বিরাজমান সম্পদ ব্যবহারের ক্ষেত্রে আরও দক্ষতা দেখানো। প্রতিবেদনে ধনী ও দরিদ্র দেশের অর্থায়নের পরিপ্রেক্ষিত পর্যালোচনা করা হয়েছে। দেশগুলো কীভাবে দুর্ভোগহীন মানসম্পন্ন সেবার সুযোগ বৃদ্ধি করবে, সে পরামর্শও এতে দেওয়া হয়েছে। ১০৬ পৃষ্ঠার প্রতিবেদনের প্রথম অধ্যায়ে অর্থায়নের ক্ষেত্রে বিশ্বের ধনী ও দরিদ্র দেশগুলোর বর্তমান অবস্থা বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে আলোচনা হয়েছে স্বাস্থ্যসেবার জন্য অর্থ বরাদ্দ বৃদ্ধির বিষয় নিয়ে। তৃতীয় অধ্যায়ে সরাসরি আর্থিক সহায়তার ভালো-মন্দ, ফি থেকে অব্যাহতি ও সেবার আওতা বাড়ানোর উপায় নিয়ে বলা হয়েছে। চতুর্থ অধ্যায়ের আলোচ্য প্রাপ্ত অর্থে আরও বেশি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কৌশল। পঞ্চম তথা শেষ অধ্যায়ে কাজ শুরু করার ব্যাপারে আলোচনা করা হয়েছে।মুখবন্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যাং বলেছেন, স্বাস্থ্য খাতে ব্যয় হ্রাস করার আগে বরং প্রথমেই দক্ষতা বাড়ানোর জায়গাগুলো চিহ্নিত করা দরকার। প্রতিটি দেশেরই সম্পদ আরও ভালোভাবে ব্যবহার করার সুযোগ আছে। ক্রয়ের ক্ষেত্রে আরও ভালো করার সুযোগ আছে। সেবা প্রদানকারী ও ব্যবস্থাপকদের প্রণোদনার ব্যবস্থা করলে সেবার মান বাড়বে। তিনি ‘ইউজার ফি’র মতো সরাসরি মূল্য পরিশোধের সমালোচনা করেন। বাংলাদেশ সরকার দাতাদের অর্থ সহায়তায় কয়েকটি উপজেলায় মাতৃস্বাস্থ্য উন্নতির লক্ষ্যে ‘ডিমান্ড সাইড ফাইন্যান্সিং’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু করেছে। সেবা দাতা ও গ্রহীতা—দুই পক্ষই এই কার্যক্রম থেকে সরাসরি অর্থ পায়। প্রতিবেদনে এ ধরনের সরাসরি অর্থ প্রদানের ভালো-মন্দ নিয়ে আলোচনা করা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশব্যাপী বিদ্যমান কমিউনিটি ক্লিনিকগুলো সক্রিয় করা ও নতুন করে ক্লিনিক তৈরির উদ্যোগ নিয়েছে। তৃণমূল পর্যায়ে এ ধরনের স্বাস্থ্যবিষয়ক উদ্যোগের ইতিবাচক দিক নিয়েও প্রতিবেদনে আলোচনা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বব্যাপী ওষুধের জন্য অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে। স্বাস্থ্য খাতে বরাদ্দের ২০-৩০ শতাংশ ব্যয় হয় ওষুধের জন্য। নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে এই হার আরও কিছুটা বেশি। সরকার ও ব্যক্তি খাত উদ্যোগ নিলে ওষুধ খাতে এই ব্যয়ের বোঝা কমানো সম্ভব। প্রতিবেদনে সম্পদ ব্যবহারে অদক্ষতার শীর্ষ ১০টি খাত চিহ্নিত করা হয়েছে। এগুলো হচ্ছে: প্রয়োজনের চেয়ে ওষুধের বেশি মূল্য, নিম্নমানের ওষুধ, ওষুধের ভুল ব্যবহার, অপ্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ ও স্বাস্থ্য পরীক্ষা, বেঠিক ও ব্যয়বহুল স্বাস্থ্যকর্মী নিয়োগ, হাসপাতালে ভুল ভর্তি ও অহেতুক দীর্ঘ অবস্থান, অপ্রয়োজনীয় বড় অবকাঠামো, ভুল চিকিৎসা ও সেবার নিম্নমান, অপচয়-দুর্নীতি-প্রতারণা এবং ভুল কৌশল। প্রতিবেদনে স্বাস্থ্যবিমার সুফল নিয়ে আলোচনা করা হয়েছে। দরিদ্র কয়েকটি দেশ কীভাবে বিমার সুফল পাচ্ছে, তা উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। এ ব্যাপারে মোশতাক চৌধুরী বলেন, বাংলাদেশেও ব্যাপকভিত্তিক স্বাস্থ্যবিমার উদ্যোগ নেওয়া দরকার। এতে দরিদ্র মানুষের সেবার সুযোগ বাড়বে।একাধিক বেসরকারি প্রতিষ্ঠান স্বাস্থ্যবিমা চালু করেছে জানিয়ে তিনি বলেন, সরকার এদের অভিজ্ঞতা নিয়ে দুটি বা একটি জেলায় স্বাস্থ্যবিমা চালু করতে পারে। স্বাস্থ্য খাতে বিভিন্ন দেশের অর্থায়ন নিয়ে সংশ্লিষ্ট দাতা সংস্থা বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা কী হবে, প্রতিবেদনের একেবারে শেষ দিকে তা আলোচনা করা হয়েছে। সেখানে কাঙ্ক্ষিত পর্যায়ে অব্যাহত সহায়তা বা সহায়তা বৃদ্ধি; সহায়তা প্রাপ্তির নিশ্চয়তা বাড়ানো; দরিদ্র মানুষের জন্য পরিপূরক স্বাস্থ্যব্যয়ের পন্থা উদ্ভাবন; বাইরের অগ্রাধিকার চাপিয়ে না দিয়ে দেশগুলোকে নিজস্ব পরিকল্পনা তৈরিতে সহায়তা; সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করে এমন প্রতিষ্ঠান ও পথের মাধ্যমে অর্থায়ন; দক্ষতার সঙ্গে সম্পদ ব্যবহারের স্থানীয় উদ্যোগে সহায়তা; আন্তর্জাতিক সহায়তার বিভাজন ও কাজের পুনরাবৃত্তি কমিয়ে দক্ষতার নজির স্থাপন করার জন্য দাতা সংস্থাগুলোকে বলা হয়েছে।